লাহোরে আইসিসি-পিসিবি সভায় আছেন বিসিবি সভাপতিও
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা হওয়ার কথা এই সভায়।
বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম থেকে জানা গেল, রোববার সকালে লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পাকিস্তানের ঘোষণা নিয়ে চলমান টানাপোড়েনেই মধ্যেই তার এই সফর।
সফরের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কেবল বিসিবি সভাপতির আসা-যাওয়ার তথ্যই দিতে পারলেন বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া বিভাগের প্রধান আমজাদ হোসেন।
“আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভায় অংশ নিতে লাহোরে গেছেন বিসিবি সভাপতি। আজকে স্থানীয় সময় বিকেল ৪টায় সভাটি শুরু হওয়ার কথা। সভা শেষেই আবার ফিরে আসবেন তিনি।”
আইসিসি ও পিসিবির জরুরি সভায় বিসিবির সভাপতির ভূমিকা কী, কোন পক্ষের আমন্ত্রণে তিনি সেখানে গেছেন, তা কিছু জানাতে পারেননি বিসিবির এই পরিচালক। বিসিবি সভাপতি ফেরার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
রাতে পিসিবি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানায়, "বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সাক্ষাৎ। গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামকে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সভায় সাম্প্রতিক চলমান সঙ্কট নিয়ে আলোচনা। সমর্থনের জন্যপাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাছির এবং পিসিবির চেয়ারম্যানের উপদেষ্টা আমির মির এখানে উপস্থিত ছিলেন।"
পরে সামাজিক মাধ্যমে পিসিবির আরেকটি ভিডিওতে দেখা যায়, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজার সঙ্গে বৈঠক করছেন নাকভি ও আমিনুল।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনার সঙ্গে আইসিসি থেকে খাওয়াজাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গত কিছুদিনে খবর প্রকাশিত হয়েছে এই দুই দেশের সংবাদমাধ্যমেই।
রোববারের সভায় ইমরান খাওয়াজার সঙ্গে অনলাইনে আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা থাকার কথাও জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার পর পাকিস্তান সরকার ঘোষণা দেয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না তারা।
বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই অনেক বছর ধরেই হয়ে উঠেছে একতরফা। সেখানে ভারতেরই জজয়জয়কার। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বাণিজ্যিক দিক থেকেও বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এটিই। এই ম্যাচ না হওয়া মানে প্রবল আর্থিক ক্ষতি সংশ্লিষ্ট সব পক্ষেরই।
