১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আবার ম্যাচে সাত উইকেট হাসানের, চার ম্যাচে উইকেট ২৬টি

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারা ধরে রেখেছেন বাংলাদেশের পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 09:53 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

প্রথম ইনিংসে চারটি, দ্বিতীয় ইনিংসে তিনটি। আগের ম্যাচের পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি করলেন হাসান মাহমুদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারা ধরে রাখলেন বাংলাদেশের পেসার। কাউন্টি অভিষেকে প্রথম ইনিংসে তিন উইকেট শিকারি সৈয়দ খালেদ আহমেদ অবশ্য দ্বিতীয় ইনিংসে ধরতে পারেননি কোনো শিকার।

কাউন্টিতে ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৩২ রান দিয়ে তিনটি উইকেট নেন হাসান। প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন তিনি ৫৮ রানে।

আগের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষেও দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন হাসান। কাউন্টিতে প্রথমবারের অভিযানে চার ম্যাচে তার উইকেট হলো ২৬টি।

হাসানের আগের তিন ম্যাচে জয়ের দেখাও পেয়েছিল কেন্ট। এবার অবশ্য জয় তো বহুদূর, ম্যাচ বাঁচানোই কঠিন তাদের জন্য। ম্যাচের শেষ ইনিংসে তাদের লক্ষ্য ৪৩৪ রান।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে ১ উইকেট ১০০ রান নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিন শুরু করে ডার্বিশায়ার। আগের দিনের একমাত্র উইকেট নিয়েছিলেন হাসানই। এ দিনও কেন্টকে প্রথম দুটি উইকেট এনে দেন তিনিই।

হাসানের অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারিতে কিপারের হাতে ধরা পড়েন ৪৬ রান করা ম্যাথু মন্টগোমেরি। জুটি থামে ৯৯ রানে।

একটু পরই তিনি ফেরান ডার্বিশায়ার অধিনায়ক ওয়েন ম্যাডসেনকে। প্রথম শ্রেণির ক্রিকেটে সাড়ে ১৭ হাজারের বেশি রান করা ব্যাটসম্যান শূন্য রানেই ক্যাচ দেন পয়েন্টে।

তবে হাসান ভালো করলেও ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে আসা উইকেটে ভালো করতে পারেননি কেন্টের অন্য বোলাররা। ডার্বিশায়ার তাই বাড়াতে থাকে লিড।

ওপেনার হ্যারি কেইম করেন ৫১। প্রথম ইনিংসে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলা মার্টিন অ্রান্ডারসন এবারও করেন ৫০। সাতে নেমে কিপার ব্রুক গেস্ট অপরাজিত থাকেন ৭৫ রানে।

৮ উইকেটে ৩৫২ রানের ইনিংস ঘোষণা করে ডার্বিশায়ার। প্রথম ইনিংসের ৮১ রানের লিড মিলিয়ে তারা এগিয়ে যায় ৪৩৩ রানে।

হাসানের তিন উইকেটের পাশে দুটি করে উইকেট নেন একানশ সিং ও বার্টি ফোরম্যান। ১৮.৪ ওভারে ৬৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন খালেদ।