Published : 29 Jan 2026, 02:27 PM
ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের ধারণা, বিশ্বকাপ বর্জনের ধোয়া তুলে পাকিস্তান স্রেফ কিছু কোলাহল করছে। আদতে দলটি বিশ্বকাপে খেলবে বলে নিশ্চিত তিনি। সাবেক ভারতীয় আজিঙ্কা রাহানের মতে, বিশ্বকাপ বর্জনের মতো সাহস পাকিস্তানের নেই।
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার পর থেকেই পাকিস্তানের বিশ্বকাপ বর্জন করার ভাবনা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। ব্যাপারটি নিয়ে গত সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। পরে তিনি জানান, আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বকাপ খেলতে সোমবারই শ্রীলঙ্কায় যাওয়ার কথা পাকিস্তান দলের।
চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সেটি বলবে সময়। তবে হার্শা ভোগলের কোনো সংশয়ই নেই সিদ্ধান্ত নিয়ে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে আলোচনা এই ধারাভাষ্যকার বারবার জোর দিয়ে বললেন, পাকিস্তান নিশ্চিতভাবেই খেলবে বিশ্বকাপে।
“তারা আসবে (বিশ্বকাপে)…অবশ্যই তারা আসবে… লোকে অনেক সময় ফালতু কাজ করে ফেলে, তবে একটা ফালতু নিশ্চয়ই নয়! অবশ্যই তারা খেলবে।”
“এটা আন্তক্লাব খেলা নয় যে, আমি সিদ্ধান্ত নেব আমাদের ম্যানেজার এলে দল তৈরি হবে, নইলে আমরা আসব না, ওয়াকওভার দিয়ে দেব বা আমরা খেলব না কিংবা ভারতের বিপক্ষে খেলব না। এটা বিশ্বকাপ, অবশ্যই তারা খেলব। কারণ তারা জানে, তারা না এলে তাদের ক্রিকেটের জন্য এত বড় ধাক্কা হবে… তারা অবশ্যই আসবে।”
আলোচনায় হার্শার সঙ্গী রাহানে বললেন, এত কঠিন পদক্ষেপ নেওয়ার ‘গাটস’ নেই পাকিস্তানের।
“আমার মনে হয় না তারা এটা (বর্জন) করতে পারে। আমার মনে হয় তাদের…. এটা কি বলতে পারি যে সাহস নেই?... আমার মনে হয় না তারা এটা (বর্জন) করতে পারবে।”
বিশ্বকাপে না খেললে সম্ভাব্য কী কী খেসারত দিতে হতে পারে, সেই আলোচনাও হলো সেখানে। হার্শা যোগ করলেন, খেলতে না চাইলে পাকিস্তানকে কেউই অনুরোধ করবে না।
“তারা জানে যে তারা (বিশ্বকাপে) আসছেই। তারা স্রেফ চেঁচামেচি করছে, কিন্তু অবশ্যই খেলবে। কারণ, আমার মনে হয় তারা জানে যে, তারা যদি বলে ‘আমরা আসব না’, তাহলে তাদেরকে বলা হবে, ‘ঠিক আছে, এসো না।’ কেউ গিয়ে তাদের দুয়ারে কড়া নেড়ে বলবে না, ‘না না, আপনাদের ছাড়া হবে না।’ তারা না এলে তারা খেলতে পারবে না এবং তারা জানে যে সেটার জন্য তাদেরকে অনেক ভুগতে হবে। তারা আসবেই।”