ভবিষ্যতে তাকিয়ে একাদশে পাঁচ পরিবর্তন
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে একাদশে পাঁচ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক লিটন কুমার দাস।
সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা বা কাউকে বাজিয়ে দেখার সুযোগ। তবে পাকিস্তানের মতো দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি যখন সামনে, তখন সেরা দল খেলানোর ভাবনাও থাকে। সেই দ্বিধায় বাংলাদেশ বেছে নিয়েছে প্রথম পথই। একাদশে আনা হয়েছে একগাদা পরিবর্তন। তাতে বাংলাদেশ ম্যাচটি হেরে গেছে বড় ব্যবধানে। তবে ভবিষ্যতের জন্য এটিকে প্রয়োজনীয় মনে করছেন অধিনায়ক লিটন কুমার দাস।
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ জিতে যাওয়া বাংলাদেশ বৃহস্পতিবার শেষ ম্যাচের একাদশে পরিবর্তন আনে পাঁচটি। প্রথম ম্যাচের নায়ক পারভেজ হোসেন, দারুণ ফর্মে থাকা মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনকে বাইরে রাখা হয় এ দিন।
একাদশে ফেরেন তানজিদ হাসান ও তাসকিন আহমেদ, সিরিজে প্রথমবার সুযোগ পান মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফ উদ্দিন আর দুই বছর পর দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলতে নামেন নাসুম আহমেদ।
এত পরিবর্তনের ম্যাচে বদলে যায় বাংলাদেশের পারফরম্যান্সও। ৭৪ রানে হেরে হোয়াইটওয়াশ করার প্রত্যাশা পূরণ হয়নি তাদের।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটিই হলো একাদশে এত পরিবর্তন নিয়ে। অধিনায়ক লিটন শোনালেন টিম ম্যানেজমেন্টের ভাবনা।
“আমাদের যে ১৬ জনের স্কোয়াড, সবার সামর্থ্য আছে ম্যাচ খেলার। তাসকিন প্রথম ম্যাচেও খেলেছে। সাইফ উদ্দিন অনেক দিন ধরে খেলছিল না, তাকে দেখার একটা বিষয় ছিল। তামিম (তানজিদ হাসান) তো আমাদের একজন (নিয়মিত) ওপেনার। সে একাদশে ফিরেছে। হৃদয়ের ব্যাপারটি হলো, সে অসুস্থ, জ্বরের কারণে খেলতে পারেনি। আর নাসুম একটি ম্যাচ খেলল।”
একাদশ বাছাইয়ের পেছনে কৌশলগত ব্যাপার, ম্যাচ জেতার ভাবনা তো থাকেই, তবে এই ম্যাচের একাদশের ক্ষেত্রে যে ভবিষ্যতের ভাবনাও ছিল, তা জানিয়ে দিলেন অধিনায়ক।
“যখন স্কোয়াড ঘোষণা হয়, এটা বাংলাদেশের সেরা স্কোয়াডই থাকে, ১৬ জন সদস্য। আমাদের কাজ হচ্ছে, এই ১৬ জন থেকে একাদশ বাছাই করা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, বাছাই করা একাদশ যেন ম্যাচ জিততে পারে। প্রথম লক্ষ্য থাকে, দল যেন জিততে পারে, সেটা যে-ই খেলুক না কেন। সেদিক থেকে চিন্তা করলে, যাদেরকে খেলানো হয়েছে, সবাই ভালো পারফরমার।”
“কিছু কিছু ব্যাপার ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে। সেজন্যই আজকে সবাইকে সুযোগ দেওয়া হয়েছিল।”
