Published : 06 Jul 2026, 06:20 AM
শেই হোপ ও জাস্টিন গ্রেভস যখন জুটি বাঁধলেন, দেড়শর আগে চার উইকেট হারিয়ে ভীষণ চাপে ওয়েস্ট ইন্ডিজ। দলটির সামনে তখন ফলো-অনে পড়ার চোখ রাঙানি। তবে দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে অসাধারণ এক জুটিতে দলকে উদ্ধার করলেন এই দুজন।
অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার প্রায় সাড়ে পাঁচশ রানের জবাবে তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৩১৮ রান। এখনও ২৩১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। তবে ফলো-অন এড়ানো থেকে কেবল ৩১ রান দূরে তারা।
হোপ ও গ্রেভস, দুজনই পাচ্ছেন সেঞ্চুরির সুবাস। ১৭৩ বলে ৮৬ রানে অপরাজিত আছেন হোপ, ১৬২ বলে ৮৫ রানে গ্রেভস। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১৭৪। শ্রীলঙ্কার বোলারদের কোনো সুযোগই দেননি তারা।
ব্যাটিং সহায়ক উইকেটে ১ উইকেটে ৫৮ রান নিয়ে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জন ক্যাম্পবেল ও কাভেম হজ নিরাপদেই কাটিয়ে দেন প্রথম ঘন্টা। ক্যাম্পবেল ফিফটি করেন ১০০ বলে।
পরের ঘন্টায় ১৭ রানে হজকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নিয়ে ব্যাটসম্যান বেঁচে যায় বল আগে ব্যাটে লাগায়। লাঞ্চের একটু আগে আসিথা ফার্নান্দোর শর্ট বল পুল করে ডিপ মিড-উইকেটে ধরা পড়েন ক্যাম্পবেল।
৯ চার ও দুই ছক্কায় ১৫৪ বলে ৭২ রান করে ফেরেন এই ওপেনার। থামে ২৩৪ বল স্থায়ী ৮৯ রানের জুটি।
লাঞ্চ বিরতির পর দ্রুতই ফেরেন আমির জাঙ্গু। বাঁহাতি স্পিনার প্রাবাথ জায়াসুরিয়ার বলে শর্ট লেগে নিশান মাদুশকার চমৎকার ক্যাচে ফেরেন তিনি। প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান এবার দুই অঙ্কে যেতে পারেননি।
কয়েক ওভার পর জায়াসুরিয়ার বলেই ব্যাটের কানায় লেগে কিপারের গ্লাভসে ধরা পড়েন হজ (১৩৯ বলে ৩১)। ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের স্কোর তখন ৪ উইকেটে ১৪৪।
সেখান থেকেই চমৎকার ব্যাটিংয়ে দলকে উদ্ধার করেন হোপ ও গ্রেভস। দুজনই এগিয়ে যান দেখেশুনে খেলে। তবে আলগা বল পেলে বাউন্ডারি তুলে নিতে ভুল করেননি তারা।
৭৫ রানের জুটিতে চা-বিরতিতে যান দুই ব্যাটসম্যান। দ্বিতীয় নতুন বলেও দারুণ ব্যাটিং করেন দুজন। বলতে গেলে শ্রীলঙ্কার বোলারদের কোনো সুযোগই দেননি। ৯০ বলে ফিফটি পূর্ণ করেন হোপ, গ্রেভসের পঞ্চাশ ছুঁতে লাগে ৮৫ বল।
শেষ সেশনে কোনো উইকেট না হারিয়ে ৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ যোগ করে ৯৯ রান। সেঞ্চুরির হাতছানিতে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন দুই অপরাজিত ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৪৯/৯ (ডি.)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১১ ওভারে ৩১৮/৪ (আগের দিন ৫৮/১) (ক্যাম্পবেল ৭২, হজ ৩১, জাঙ্গু ৯, হোপ ৮৬*, গ্রেভস ৮৫*; আসিথা ২৫-৪-৭৪-২, ইসিথা ২৫-২-৯০-০, রাথ্নায়াকা ১৯-৪-৪৯-০, জায়াসুরিয়া ৩৬-৭-৭৭-২, ধানাঞ্জায়া ২-১-৩-০, দিনুশা ৪-০-১৬-০)