পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতেও নেই হেটমায়ার
দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সবশেষ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে তেমন একটা পরিবর্তন আনা হয়নি।
ওই সফরের স্কোয়াডে প্রাথমিকভাবে থাকলেও পরে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে যোগ দেন শেফার্ড। তখন তার বদলি হিসেবে দলে ডাক পাওয়া জেডাইয়া ব্লেডস ধরে রেখেছেন জায়গা।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে পেসার আলজারি জোসেফকে।
সাইড স্ট্রেইন চোটে টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারা হেটমায়ারকে ওয়ানডেতেও বাইরে থাকতে হচ্ছে। একই চোটের কারণে টি-টোয়েন্টিতে বাইরে থাকা ব্র্যান্ডন কিং অবশ্য ওয়ানডে দলে আছেন।
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শুক্রবার দিবাগত রাত ১২টায় শুরু হবে প্রথম ওয়ানডে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
