ফেরার ম্যাচে হারের পর পান্ডিয়ার শাস্তি
আইপিএলের আচরণবিধি ভাঙায় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে জরিমানা করা হয়েছে।
আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে ভারতীয় অলরাউন্ডারের নামের পাশে।
চোট ও সামান্য অসুস্থতায় আইপিএলে গত কয়েকটি ম্যাচে খেলতে পারেননি পান্ডিয়া। ইডেন গার্ডেন্সে বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। আর ফেরার ম্যাচেই তিনি শাস্তি পেলেন।
ম্যাচটিতে মুম্বাইকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা। ম্যাচের পরদিন পান্ডিয়ার আচরণবিধির ২.২ ধারা ভাঙার কথা উল্লেখ করে শাস্তি দেওয়ার বিষয়টি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।
আইপিএলের আচরণবিধির এই ধারায় বলা হয়েছে, ‘ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম ও ফিটিংসের অপব্যবহারের’ কথা।
কলকাতার ইনিংসের দশম ওভারের সময় পান্ডিয়ার আচরণবিধি ভাঙার ঘটনাটি ঘটে। বোলিং করার জন্য যাওয়ার সময় সজোরে স্টাম্পের বেলস ফেলে দেন তিনি।
পান্ডিয়ার নেতৃত্বে এবারের আইপিএল বাজে কেটেছে মুম্বাইয়ের। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা এখন পয়েন্ট টেবিলে নবম স্থানে আছে। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট কেবল ৮।
আসরে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বাই।
