Published : 29 Jun 2026, 10:30 PM
দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পেতে একসময় হাপিত্যেশ করতে হতো তাইজুল ইসলামকে। সেই স্পিনারই এখন দেশের বাইরে গোটা দুই রেকর্ডে বাংলাদেশের শীর্ষে! এছাড়াও রেকর্ডময় দিনটিতে দারুণ কিছু অর্জন ধরা দিল তার। যেখানে কোনোটিতে তিনি স্পর্শ করলেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে, আবার কোনোটিতে গেলেন ছাড়িয়ে।
হারারে টেস্টে বাংলাদেশের অবস্থা বেশ নাজুক। প্রথম দিনে ১৪০ রানে গুটিয়ে যাওয়া দল দ্বিতীয় দিন শেষে লড়ছে ইনিংস পরাজয় এড়াতে। তবে জিম্বাবুয়ের লিড যে আরও বড় হয়নি, এর একমাত্র কারণ তাইজুল। দারুণ বোলিংয়ে ৭ উইকেট নিয়ে লড়েছেন বলতে গেলে তিনি একাই।
বাংলাদেশের প্রায় ২৬ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম দেশের বাইরে ৭ উইকেটের স্বাদ পেলেন কোনো বোলার।
বিদেশের মাঠে সেরা বোলিংয়ের রেকর্ড এতদিন ছিল সাকিবের। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে ৬ উইকেট নিয়েছিলেন তিনি ৩৩ রানে।
২০২২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ইবাদত হোসেন, পেসারদের মধ্যে যেটি রেকর্ড।
জিম্বাবুয়েতে বাংলাদেশের আগের সেরা বোলিং ছিল রবিউল ইসলামের। ২০১৩ সালে হারারেতেই ৭১ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার। ২০০১ সালে বুলাওয়ায়োতে ৮১ রানে ৬ উইকেট নিয়েছিলেন মঞ্জুরুল ইসলাম।

ইনিংসে ৭ উইকেটের স্বাদ এবারই প্রথম পেলেন না তাইজুল। ২০২১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন ১১৬ রানে। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ৮ উইকেট নিয়েছিলেন ৩৯ রানে, এখও যা বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড।
তাইজুল ৩ বার ইনিংসে ৭ উইকেটের স্বাদ পেলেও একাধিকবার পাননি বাংলাদেশের আর কেউ। এনামুল হক জুনিয়র, সাকিব ও মেহেদী হাসান মিরাজ নিয়েছে একবার করে।
দেশের বাইরে এই নিয়ে ৬ বার ইনিংসে ৫ উইকেট নিতে পারলেন তাইজুল। এখানেও এখন তিনি সবার ওপরে। ৪৫ ইনিংস বোলিং করে ৫ বার এটি করতে পেরেছেন সাকিব। তাকে ছাড়িয়ে যেতে তাইজুলের লাগল ১৫ ইনিংস কম।
ঘরে-বাইরে সব মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার কীর্তিতে সাকিব এখনও শীর্ষে আছেন। তবে এককভাবে আর নয়, সঙ্গী এখন তাইজুলও।
১২১ ইনিংস বল করে ১৯ বার এই অর্জ নিজেকে রাঙিয়েছেন সাকিব। ১৪ ইনিংস কম বোলিং করে তার পাশে উঠে এলেন তাইজুল।
এই ইনিংসের পারফরম্যান্সে বৈশ্বিক একটি তালিকাতেও এক ধাপ ওপরে উঠেছেন তাইজুল। টেস্ট ইতিহাসের পঞ্চম সফলতম বাঁহাতি স্পিনার এখন তিনিই।
৭ উইকেট নিয়ে তার উইকেট এখন ২৭০টি। ছাড়িয়ে গেছেন ভারতের কিংবদন্তি বিষেন সিং বেদিকে (২৬৬)। তাইজুলের সামনে এখন রাভিন্দ্রা জাদেজা (৩৪৮), ড্যানিয়েল ভেটোরি (৩৬২) ও রাঙ্গানা হেরাথ (৪৩৩)।
তাইজুল ক্যারিয়ার শেষ করবেন কোথায়, তা বলবে সময়। তবে এটা বলে দেওয়ায় ঝুঁকি খুব একটা নেই যে, টেস্টে ৩০০ উইকেট শিকারি বাংলাদেশের প্রথম বোলার হবেন তিনিই।