২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে লিটনের ক্ষোভের বিস্ফোরণ, কাঠগড়ায় বোর্ড ও নির্বাচকরা

শামীম হোসেনের বাদ পড়া ও সেই প্রক্রিয়া নিয়ে অধিনায়ক যেভাবে উগড়ে দিলেন ক্ষোভ, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তা বিরল।

আরিফুল ইসলাম রনি

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 01:56 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

ব্যাট হাতে ২২ গজে লিটন কুমার দাসের রুদ্র রূপ তো অনেকবারই দেখা গেছে। এবার তাকে সেই চেহারায় দেখা গেল সংবাদ সম্মেলনে। পাথুরে মুখ, ক্ষুব্ধ কণ্ঠ। জলন্ত আগ্নেয়গিরির মতোই বেরিয়ে এলো কথার লাভা। তাতে যেন ছারখার করে দিতে চাইলেন নির্বাচক কমিটিকে। শামীম হোসেনের বাদ পড়া ও সেই প্রক্রিয়া নিয়ে অধিনায়ক যেভাবে উগড়ে দিলেন ক্ষোভ, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তা বিরল।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এমনিতে উত্তেজনা-রোমাঞ্চ খুব একটা ছিল না। তবে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিনের সংবাদ সম্মেলন ছড়িয়ে দিল বিতর্কের দাবানল। 

সংবাদ সম্মেলন শুরু হলো একটু ঢিমেতালেই। এই সিরিজ, সামনের বিশ্বকাপ, দলের অবস্থা, সবকিছু নিয়ে প্রথাগত প্রশ্ন আর উত্তর। দল থেকে বাদ পড়া শামীমের প্রসঙ্গ উঠলেই বদলে গেল সবকিছু। 

লিটন সরাসরিই জানিয়ে দিলেন, শামীমকে বাদ দেওয়া হয়েছে তার সঙ্গে কোনো আলোচনা না করেই। অধিনায়ক হিসেবে তিনি যে এতে আহত হয়েছেন, সেটিও লুকালেন না।

“(শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। ইটস নট মাই কল, টোটালি সিলেক্টরস কল। আমি জানি না কেন… তবে নির্বাচকরা আমাকে কোন কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে… উইদাউট এনি নোটিশ। আমি এতদিন জানতাম যে একটা দল যখন কেউ হ্যান্ডল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন ক্রিকেটার কখন দলে আসবে, কখন বাইরে যাবে।”

“আমি আশা করি, বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারই সেরা ক্রিকেটার। এইজন্যই জাতীয় দলে আছে। যে ১৫ জনকেই নেওয়া হোক না কেন, তারাই ভালো করবে। তবে শামীমকে বাদ দেওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। জানিও না, কেন বাদ পড়েছে সে।”

পাল্টা প্রশ্ন ছুটে গেল, দল ঘোষণার পর কি কথা হয়েছিল প্রধান নির্বাচকের সঙ্গে? এবার শীতল কণ্ঠে লিটনের উত্তর, “উত্তরটা আমি দিয়ে দিয়েছি না…?”

শামীমকে বাইরে পাঠিয়ে দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। যদিও দুজনের ভূমিকা আলাদা। শামীম মূলত ফিনিশার। মাহিদুল গত বিপিএলে খুলনা টাইগার্সে ফিনিশারের ভূমিকায় খেলেছেন বটে। তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, তাকে নেওয়া হয়েছে চার-পাঁচ নম্বরের জন্য, মিডল অর্ডারের ভাবনায়।

শামীমকে বাদ দেওয়ায় আরেকটি সঙ্কটের জায়গাও তৈরি হয়েছে। পুরো মিডল অর্ডারে কোনো বাঁহাতি ব্যাটসম্যান নেই। প্রতিপক্ষের জন্যও কি পরিকল্পনা সাজানো সহজ নয়? এই প্রশ্নে লিটন আবার নির্বাচকদের দিকে তির ছুড়লেন সরাসরি। 

“গুড পয়েন্ট, আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত। আপনার মাথায় এসেছে এই ব্যাপারটি… সিদ্ধান্তটা শেষ পর্যন্ত যদি আমাদের ওপরর থেকে আসতো, খুব ভালো হতো। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ডানহাতি-বাঁহাকি (সমন্বয়) করতে হবে।”

“দেখা যাক এখন যে ক্রিকেটারগুলো দলে আছে, তারাই এই মুহূর্তে সেরা এবং আমি বিশ্বাস করি, যে কেউ বাংলাদেশ দলে আসবে, তারা সেরা। সেরা হয়েই এখানে আসছে। তারা ডেলিভার করার চেষ্টা করবে।”

বিভিন্ন দেশে নানা সময়ে অধিনায়ককে নির্বাচক কমিটিতে আনুষ্ঠানিকভাবেই দেখা গেছে। বাংলাদেশে তা নেই। তবে দল নির্বাচনের আগে কোচ ও অধিনায়কের মতামত নেওয়াই প্রচলিত রীতি। বছরের পর বছর ধরে সেটাই হয়ে আসছে। 

কিন্তু রাজ্যের অসন্তোষ কণ্ঠে নিয়ে লিটন বললেন, তাকে বলা হয়েছে অন্যরকম।

“আমাকে পুরোপুরি বলা হয়েছে, সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে আমাকে যে দলটা দেওয়া হবে, আমাকে সেই দলটা নিয়েই কাজ করতে হবে। এখানে আমার বলার কিছু থাকবে না যে, আমি কোন ক্রিকেটারকে চাই, কাকে চাই না। আমি এতদিন জানতাম, একটা মানুষ যখন অধিনায়ক, তার একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। তবে সম্প্রতি কয়েকদিন থেকে জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়েই মাঠে ভালো কিছু দেওয়া।”

অধিনায়কের জন্য ব্যাপারটি অপমানজনক কি না, সেটির গভীরে তিনি গেলেন না। তবে তার ভেতরের আঘাতের জায়গাটি প্রকাশ্য হলো আবার। 

“ইনসালটিং…জায়গা বলব না। তবে আমার মনে হয়, কোচ এবং অধিনায়কের জানা উচিত (দল নিয়ে)। সেই জায়গা থেকে… আমরা কিছুই জানি না। যদি বিশ্বকাপেও একই জিনিস ঘটে, আমাকে যে দলটা দেওয়া হবে, আমি সেই দল থেকেই চেষ্টা করব একাদশ খেলানোর।”

প্রশ্নের পর প্রশ্ন ছুটে যেতেই থাকে। টি-টোয়েন্টি দলটি গত কয়েক মাসে বেশ একটা ধারাবাহিকতায় ছিল। আশা জাগানিয়া কিছু পারফরম্যান্স এসেছে। দলটা গুছিয়ে উঠছে বলেও মনে হচ্ছিল। কিন্তু বিশ্বকাপের আগে শেষ সিরিজে হঠাৎই এমন ঝড়!

অধিনায়ক চেষ্টা করলেন দলকে আগলে রাখতে। তবে তিনি নিজেই যে টালমাটাল, তা ফুটে উঠল আবার। শামীমের মতো ব্যাটসসম্যান, যারা উদ্ভাবনী শট খেলতে পারেন, আগ্রাসী ও ভয়ডরহীন, এই ঘরানার ব্যাটসম্যান বাংলাদেশে বিরল। তার ব্যাটিংয়ের যে ধরন, তাতে ঝুঁকির পথ বেশি, ব্যর্থতার শঙ্কা থাকে সবসময়। নির্বাচক, টিম ম্যানেজমেন্ট, অধিনায়ককে পাশে পাওয়া এই ঘরানার ব্যাটসম্যানদের জন্য জরুরি।

সেই জায়গায় শামীমের পাশে থাকতে না পারা, তাকে ভরসা জুগিয়ে রাখতে না পারাটা প্রবলভাবেই পোড়াচ্ছে লিটনকে। 

“(এই ঘটনা) দলকে হয়তো ডিস্টার্ব করবে না। তবে এটা হতাশাজনক। আপনি প্রত্যেক ক্রিকেটারের কাছে প্রতি সিরিজে পারফরম্যান্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে দলটা গোছানোর জন্য। শামীম কিন্তু দুই-তিনটা সিরিজে খুব ভালো অসাধারণ ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সে ক্ষেত্রে বাদ পড়াটা শামীমের জন্য হতাশাজনক।”

“অধিনায়ক হিসেবে… আমিও, আমি সরি…। আর কিছুই বলতে পারব না তাকে। কারণ আমি কখনোই আশা করি না, ১৫টা ক্রিকেটার প্রতিদিনই পারফর্ম করে দেবে। দুই-তিনটা সিরিজে যখন পারফর্ম করবে না, তার পাশে আমার থাকা উচিত। আমি সত্যিই সরি যে, আমি তাকে ‘ব্যাক’ করতে পারিনি।”

লিটনের যে ধরনের ব্যক্তিত্ব, এই ঘটনার পর কি তিনি অধিনায়ক থাকবেন? তার ত্বরিত উত্তর, “ওটা পরে দেখা যাবে...।”

তবে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে ড্রেসিং রুমে যাওয়ার পথে লিটন যা বললেন, তাতে এখনখার ভূমিকম্পের একটা 'আফটার শক'-এর আশঙ্কা রয়েই গেল। বিশ্বকাপের সূচি, প্রতিপক্ষ, এসব নিয়ে জিজ্ঞেস করাতে তিনি বললেন, “বিশ্বকাপ পর্যন্ত আমি (অধিনায়ক) থাকি কি না, দেখেন…।”