চলে গেলেন অ্যাশেজ মাতানো সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার
ইতিহাসের প্রথম ওয়ানডের স্বাক্ষী ও উইজডেনের সাবেক বর্ষসেরা ক্রিকেটার পাড়ি জমালেন পরপারে।
অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার কিথ স্ট্যাকপোল আর নেই। ইতিহাসের প্রথম ওয়ানডের স্বাক্ষী ও উইজডেনের সাবেক বর্ষসেরা এই ক্রিকেটার পরপারে পাড়ি জমালেন ৮৪ বছর বয়সে।
১৯৬৬ অ্যাশেজের অ্যাডিলেইড টেস্ট দিয়ে তার অভিষেক। তখন ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান, পাশাপাশি করতেন লেগ স্পিন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতে নেমে। তবে খুব ধারাবাহিক হতে পারেননি। ১৯৬৯ সালে নতুন পথচলা শুরু হয় তার ওপেনিংয়ে। ক্রমেই জায়গা করে নেন বিল লরির উদ্বোধনী জুটির সঙ্গী হিসেবে। ক্যারিয়ারের সফলতম অধ্যায় রচনা করেন ওপেনিংয়েই।
তার টেকনিক খুব পোক্ত ছিল না। কিন্তু আগ্রাসী ব্যাটিং দিয়ে তা পুষিয়ে দিতেন। বলে প্রবল জোরে হিট করার জন্য পরিচিত ছিলেন তিনি।
সেরাটা জমা রাখতেন তিনি অ্যাশেজের জন্য। দেশের মাঠে ১৯৭০-৭১ অ্যাশেজে সাত ম্যাচে রান করেছিলেন তিনি ৫২.২৫ গড়ে ৬২৭। ক্যারিয়ার সেরা ২০৭ রানের ইনিংসটি খেলেছিলেন ওই সিরিজেই।
ইংল্যান্ড সফরে গিয়েও তিনি ছিলেন সফল। ১৯৭২ অ্যাশেজে ৫৩.৮৮ গড় তার ৪৮৫ রান ছিল দুই দল মিলিয়েই সর্বোচ্চ। সেই পারফরম্যান্সের পুরস্কার পান তিনি ‘উইজডেন ক্রিকেটার অব দা ইয়ার’ স্বীকৃতি পেয়ে। ওই সফরে দলের সহ-অধিনায়কও ছিলেন তিনি।
১৯৭৪ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে হওয়ার ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। সেই টেস্ট ম্যাচের একদম প্রথম বলেই তিনি আউট হয়েছিলেন ফুল টস ডেলিভারিতে। সেই আউট নিয়ে পরে মজা করে লিখেছিলেন তিনি নিজেই।
“বলটি যখন আমার চোখের একদম সামনে এক গজ দূরত্বে চলে আসে, তখনই কেবল দেখতে পাই। সরেই দাঁড়িয়েছিলাম, কিন্তু বল ব্যাটের শেষ প্রান্তে ছোবল দিয়ে প্রথম স্লিপে চলে যায়। টেস্ট ক্রিকেটে সম্ভবত প্রথমবার কেউ একজন আউট হয়েছিলেন, যখন বল মাটির স্পর্শই পায়নি!”
পিঠের চোটের কারণে পরে ক্রিকেট ছেড়ে দিতে বাধ্য হন।
সব মিলিয়ে ৪৩ টেস্টের ক্যারিয়ার তার। সাত সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে রান ২ হাজার ৮০৭। বল হাতে উইকেট ১৫টি।
ওয়ানডে খেলেছেন ছয়টি। এর মধ্যে ছিল ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচটিও। তিনটি উইকেট নিয়েছিলেন তিনি মেলবোর্নের সেই ম্যাচে। পরে বিল লরির সঙ্গে ইনিংস শুরু করে আউট হয়ে যান ১৫ বলে ১৩ রান করে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ সেঞ্চুরিতে রান করেছেন ১০ হাজার ১০০, উইকেট নিয়েছেন ১৪৮টি।
ক্রিকেটে অবদানের জন্য ১৯৭৪ সালে তিনি ‘মেম্বার অব দা অর্ডার অব দা ব্রিটিশ এম্পায়ার’ বা ‘এমবিই’ পান।
খেলা ছাড়ার পর কোচিং করিয়েছেন। তার হাত ধরে গড়ে উঠেছেন অনেক ক্রিকেটার। পরে রেডিও ও টিভি ধারাভাষ্যকার হিসেবেও আলাদা পরিচিতি গড়েছিলেন, কলাম লিখতেন পত্রিকায়।
