ইউরোপিয়ান টি-টোয়েন্টিতে দ্রাবিড়ের মালিকানার দলে অশ্বিন
এই টুর্নামেন্টের নিজের মালিকানার দলে খেলবেন ফাফ দু প্লেসি ও হাইরিখ ক্লসেন, থাকছেন মিচেল মার্শ, স্টিভেন স্মিথসহ আরও অনেক তারকা।
মেজর লিগ ক্রিকেট দিয়ে সম্প্রতি দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে রাভিচান্দ্রান অশ্বিনের। ৩৯ বছর বয়সী ক্রিকেটারকে সামনে দেখা যাবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগেও (ইটিপিএল)। ইউরোপের এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ডাবলিন গার্ডিয়েন্স দলে সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন ভারতের অফ স্পিনিং গ্রেট।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড় এই দলটির কর্ণধার। এই দলে অশ্বিনের ভূমিকা বহুমুখী। খেলার পাশাপাশি দলের অধিনায়ক তিনি, পালন করবেন মেন্টরের দায়িত্বও।
ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অংশীদারিত্বে চালু হওয়া ছয় দলের এই লীগে ডাবলিন, বেলফাস্ট, এডিনব্রা, গ্লাসগো, রটারডাম এবং আমস্টারডামের দল রয়েছে। এটি ইউরোপের প্রথম আইসিসি-অনুমোদিত বহু-দেশীয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগ।
টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট বৃহস্পতিবার। সরাসরি চুক্তিতে দলে নেওয়া ক্রিকেটার নাম ঘোষণা করা হয় আগের দিন।
ভারতীয় ক্রিকেটে সক্রিয় ক্রিকেটাররা দেশের বাইরের লিগে খেলার অনুমতি পান না। তবে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর খেলতে বাধা নেই। অশ্বিনের গত বিগ ব্যাশেও খেলার কথা ছিল। কিন্তু হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি তিনি। মেজর লিগ ক্রিকেটে তিনি আছে স্যান ফ্রান্সিকো ইউনিকর্নস দলে। গত ২০ জুন অভিষেক ম্যাচটির পর অবশ্য আর ম্যাচ খেলতে দেখা যায়নি তাকে।
অশ্বিনের মতো বেশ কজনকেই এই আসরে একাধিক ভূমিকায় দেখা যাবে। রটারডাম ডকার্সের অধিনায়ক ফাফ দু প্লেসি। এই দলে তার সঙ্গী হাইনরিখ ক্লসেন, আনরিক নরকিয়া, ডোনোভান ফেরেইরার মতো প্রোটিয়া ক্রিকেটাররা। মজার ব্যাপার হলো, দলটির স্বত্বাধিকারী যৌথভাবে দু প্লেসি ও ক্লসেন।
গ্লাসগো কসমিকে খেলবেন দক্ষিণ আফ্রিকারই লুঙ্গি এনগিডি, কেশাভ মহারাজ ও ডুয়ান ইয়ানসেন এবং নিউ জিল্যান্ডের ফিন অ্যালেন। এই দলের কোচ অস্ট্রেলিয়ান গ্রেট ম্যাথু হেইডেন।
আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার তিন তারকা স্টিভেন স্মিথ, মিচেল মার্শ এবং মিচেল ওয়েন। তাদের সঙ্গী নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও অলরাউন্ডার বাস ডে লেডে এখানে খেলবেন স্থানীয় অনুমোদিত খেলোয়াড় হিসেবে খেলবেন।
নিউ জিল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক মিচেল স্যান্টনার এই টুর্নামেন্টে থাকছেন এডিনব্রা ক্যাসল রকার্সের নেতৃত্বে। এখানে তার সঙ্গী স্বদেশি ট্রেন্ট বোল্ট। দলটির কোচ ইংল্যান্ডের জেমস ফস্টার।
আগামী ২৬ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট হবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসে।
