১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আর্চারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

আইপিএলে ইংলিশ পেসারের চেয়ে বেশি বলের ওভার করেননি আর কেউ।

আর্চারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
জফ্রা আর্চার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 10:38 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

ম্যাচের প্রথম বলে চার হজমের পর যেন পথ হারিয়ে ফেললেন জফ্রা আর্চার। একের পর এক দিতে শুরু করলেন ওয়াইড। সঙ্গে একটি ‘নো বল’ করে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের পাতায় নাম লেখালেন ইংলিশ পেসার।

আইপিএলে শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের প্রথম ওভার করতে এসে ১১টি ডেলিভারি করেন রাজস্থান রয়্যালসের আর্চার। ওই ওভার থেকে আসে মোট ১৮ রান।

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এর চেয়ে বেশি বলের ওভার আর দেখা যায়নি। ১১ বলের ওভার অবশ্য দেখা গেছে আরও ছয়বার। চলতি আসরেই গুজরাটের বিপক্ষে পাঞ্জাব কিংসের পেসার আর্শদিপ সিং ১১ বলে শেষ করেন ওভার।

প্রথমবার এই বিব্রতকর কাজটি করেছিলেন মোহাম্মদ সিরাজ, ২০২৩ সালে। ওই বছরই তুষার দেশপান্ডে এর পুনরাবৃত্তি করেন। ২০২৫ সালে শার্দুল ঠাকুর, সান্দিপ শার্মা ও হার্দিক পান্ডিয়া ১১ বলের ওভার করেন। 

প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলে ১১ বলের ওভার করলেন আর্চার। আরেকটি জায়গাও সবার চেয়ে আলাদা তিনি। এই প্রতিযোগিতায় ম্যাচের প্রথম ওভারে ১১ ডেলিভারি করেননি আর কেউ।

আর্চারের প্রথম বল পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠান সাই সুদার্শান। পরের বলটি ওয়াইড করেন আর্চার। বৈধ দ্বিতীয় ডেলিভারিতে কোনো রান নিতে পারেননি গুজরাটের ওপেনার।

পরের ডেলিভারিটি হয় ‘ফ্রন্ট ফুট নো।’ এরপর টানা তিনটি ওয়াইড করেন আর্চার। যার প্রথমটিতে লেগ সাইড দিয়ে হয় আবার বাউন্ডারি। শেষ পর্যন্ত চমৎকার এক ইয়র্কারে তৃতীয় বৈধ ডেলিভারিটি করতে পারেন আর্চার।

পরের তিন বলে দুটি সিঙ্গল ও একটি ডাবল দিয়ে ওভার শেষ করেন আর্চার। ম্যাচে মোট তিন ওভার করে ৪৬ রান দেন তিনি।

শুবমান গিলের ৮৪, সুদার্শানের ৫৫ রানের ইনিংসের সৌজন্যে ৪ উইকেটে ২২৯ রান করে গুজরাট।