১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ সিরিজে প্রত্যাশায় লাগাম টানতে বললেন হেড

অস্ট্রেলিয়ান ওপেনারের মতে, তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে নিজের কাছে বেশি প্রত্যাশা করা উল্টো বিপদ ডেকে আনতে পারে।

বাংলাদেশ সিরিজে প্রত্যাশায় লাগাম টানতে বললেন হেড
ট্রাভিস হেড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 09:49 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

দলের শক্তি, সামর্থ্য ও ক্রিকেটীয় ঐতিহ্য; সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে যোজন-যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। লড়াই যখন আবার তাদের মাটিতে, নিশ্চিতভাবেই ফেভারিট তারা। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ভালো করার বাড়তি প্রত্যাশা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে এমন ভাবনা থেকেই বিপদ আসতে পারে বলে সতীর্থদের সতর্ক করেছেন ট্রাভিস হেড। প্রত্যাশায় লাগাম টানার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার।

বাংলাদেশের বিপক্ষে খুব বেশি টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। ক্রিকেটের অভিজাত সংস্করণে এখন পর্যন্ত ছয় দেখায় পাঁচবারই জিতেছে তারা। একমাত্র হারটি ২০১৭ সালে মিরপুরে, ২০ রানে হেরেছিল স্টিভেন স্মিথের দল। 

টেস্ট খেলার জন্য বাংলাদেশকে শুধু একবারই আতিথ্য দিয়েছিল অস্ট্রেলিয়া, সেটা প্রায় দুই যুগ আগে। ২০০৩ সালে দুই ম্যাচের ওই সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল তারা। দুই ম্যাচই জিতেছিল ইনিংস ব্যবধানে; ডারউইনে প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানে এবং কেয়ার্নসে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৯৮ রানে।

এবারও দুই দলের প্রথম টেস্ট হবে ডারউইনে, শুরু আগামী বৃহস্পতিবার। ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ অগাস্ট।

মূল লড়াইয়ে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে অসহায় আত্মসমর্পণ করে শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে গুটিয়ে হারে ইনিংস ও ৩৮ রানে।  

প্রতিপক্ষ কেমন করছে, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না হেড। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপকালে বলেছেন, বাংলাদেশের বিপক্ষে আসছে দুই টেস্টে বাড়তি প্রত্যাশা নিয়ে মাঠে নামা উচিত নয় তাদের। নিজেদের খেলায় মনোযোগ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি ফাইনালের পথে এগিয়ে যেতে চান হেড।

“এখানে যা কিছু হবে তা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হবে, কারণ এটা টেস্ট ম্যাচ এবং আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের জন্য খেলছি। মাঝেমধ্যে তুলনামূলক ভালো দলের বিপক্ষে খেলার সময় প্রত্যাশা থাকে। টেস্টে নামার সময় ভাবনা থাকে, ‘আশা করি, নিজের কাজটি করতে পারব।’

“এরপর হয়তো বাংলাদেশের মতো কোনো দলের মুখোমুখি হতে হয়, যারা (কঠিন সময়) পার করে এসেছে- তখন বাড়তি প্রত্যাশা তৈরি হয় যে ‘আমি অবশ্যই রান করব’। রান করার প্রত্যাশা নিয়ে মাঠে নামাটাই অনেক সময় সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। কারণ, এই খেলাটি খুবই নির্মম। তাই আমার মনে হয়, আগামী কিছুদিন এবং এই দুই টেস্টে প্রত্যাশার লাগাম টেনে রাখাই গুরুত্বপূর্ণ।”

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে আছে ২০২১-২০২৩ চক্রের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের শতকরা পয়েন্ট ৮৭.৫০। গত চক্রের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে, পয়েন্টের হার ৭৫.০০। তিনে থাকা নিউ জিল্যান্ডের শতকরা পয়েন্টে ৭২.২২।