Published : 14 Jun 2026, 09:49 PM
ঝা চকচকে লাল টুকটুকে গাড়ি মাঠের পাশেই মঞ্চে রাখা ছিল সিরিজের শুরু থেকে। সিরিজ শেষে সেই গাড়ির পাশে হাসি মুখে দাঁড়ালেন তাওহিদ হৃদয়। চেরি ব্র্যান্ডের গাড়িটি জিতে নিয়েছেন যে তিনিই! পরে তিনি জানালেন, এই গাড়িটি উপহার দেবেন তার মাকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হয়ে এই গাড়িটি পুরস্কার পেয়েছেন হৃদয়।
গত মাসে বিসিবি ও চেরি বাংলাদেশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন একটি গাড়ি। তবে শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ শেষেই পুরস্কারটি দেওয়া হলো।
সিরিজের প্রথম ম্যাচে ৩১ রানে আউট হয়েছিলেন হৃদয়, পরের ম্যাচে অপরাজিত ছিলেন ৪০ রানে। শেষ ওয়ানডেতে রোববার তার ব্যাট থেকে আসে ৮৮ বলে ৮৩ রান।
তিন ম্যাচের এই সিরিজের আনুষ্ঠানিক ‘ম্যান অব দা সিরিজ’ অবশ্য মোসাদ্দেক হোসেন। প্রায় চার বছর পর ফিরেই দারুণ পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে ৭০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসের পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন তিনি। পরের ম্যাচে ১৫ রানে আউট হলেও শেষ ম্যাচে করেন ৫১ বলে অপরাজিত ৫৬।
রেকর্ডের পাতায় সিরিজ সেরা হিসেবে লেখা থাকবে মোসাদ্দেকের নাম। তবে হৃদয়ের পাতায় স্মরণীয় হয়ে থাকবে গাড়ি জিততে পারা। ম্যাচের পর সামাজিক মাধ্যমে সেটিই তুলে ধরলেন তিনি ছোট্ট করে।
“মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম!!! অদ্ভুত না?”