১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গিলকে স্ট্রাইক রেটের পেছনে ছুটতে মানা করলেন অশ্বিন

স্ট্রাইক রেট নিয়ে না ভেবে গুজরাট টাইটান্সের অধিনায়ককে প্রচুর রান করতে বলেছেন ভারতের স্পিন গ্রেট।

গিলকে স্ট্রাইক রেটের পেছনে ছুটতে মানা করলেন অশ্বিন
গুজরাট টাইটান্সের সঙ্গে অনুশীলনে শুবমান গিল। ছবি: গুজরাট টাইটান্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 10:55 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা ফিরে পেতে আইপিএলকে পাখির চোখ করার কথা শুবমান গিলের। তবে নিজেকে এই সংস্করণের উপযুক্ত প্রমাণ করার জন্য স্ট্রাইক রেটের পেছনে ছুটতে বারণ করেছেন রাভিচান্দ্রান অশ্বিন। ভারতের স্পিন গ্রেট গুজরাট টাইটান্সের অধিনায়ককে নিজের মতো খেলে প্রচুর রান করার পরামর্শ দিয়েছেন।

গত আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন গিল। ১৫ ম্যাচে ৬৫০ রান করেন তিনি ছয় ফিফটি। আসরে তার চেয়ে বেশি রান করতে পারেন আর কেবল তিন জন। তার স্ট্রাইক রেটও ছিল বেশ ভালো, ১৫৫.৮৭।

তবে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে গিলের স্ট্রাইক রেট ১৪০ এরও কম। এই সংস্করণে দেশের জার্সিতে ৩৬ ম্যাচ খেলে করতে পেরেছেন ৮৬৯ রান। নামের পাশে একটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে তিনটি।

গত বছরও ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন গিল। টেস্ট ও ওয়ানডে অধিনায়ককে এই সংস্করণেরও পরবর্তী দলপতি মনে করা হচ্ছিল। কিন্তু ফর্মের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলেই জায়গা পাননি তিনি। আহমেদাবাদে নিউ জিল্যান্ডকে উড়িয়ে রেকর্ড শিরোপা ঘরে তোলে ভারত।

এবারের আইপিএলে দুর্দান্ত কিছু করে নির্বাচকদের দুয়ারে কড়া নাড়তে চাইবেন গিল, এটাই স্বাভাবিক। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’ এ গিলকে নিয়ে আলোচনা করেন অশ্বিন। তার কি করা উচিত সেখানেই তুলে ধরেন তিনি।

“আহমেদাবাদে তাকে আউট করা খুবই কঠিন, সম্প্রতি সে যেন ‘ডন’ হয়ে উঠেছে। তাই আমার মনে হয়, শুবমান গিলের দুশ্চিন্তার কিছু নেই। আমি যদি তার জায়গায় থাকতাম, নিজেকে বলতাম, মাঠে গিয়ে আবারও রানের জোয়ার বইয়ে দিতে। নিজেকে প্রাসঙ্গিক রাখার একমাত্র উপায় হলো প্রচুর রান করা। সে গুজরাট টাইটান্সের সেরা ব্যাটার হবে।”

“গত বছরের মতো এবারও দুর্দান্ত ব্যাটিং করবে শুবমান, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে যদি স্ট্রাইক রেটের পেছনে ছুটতে গিয়ে রান করতে না পারে, তাহলে গুজরাট টাইটান্স বড় সমস্যায় পড়বে। আশা করি, সে সেটা করবে না। উচ্চ স্ট্রাইক রেটের পেছনে না ছুটেও সে অনেক রান করতে পারে।”

অশ্বিনের মতে, এবার রান করতে আরও বেশি ক্ষুধার্ত থাকবেন গিল।

“টপ অর্ডারে গিল, সাই সুদার্শান ও জস বাটলারের মধ্যে গিল এই মৌসুমে রানের জন্য ক্ষুধার্ত থাকবে। আরেকটি মৌসুমে আমরা তাকে অরেঞ্জ ক্যাপের পেছনে ছুটতে দেখব। এমনও হতে পারে যে সে অরেঞ্জ ক্যাপ জিতবে, কারণ টি-টোয়েন্টি দলে ফেরার জন্য সে যেকোনো কিছু করবে।”

আগামী শনিবার শুরু হবে এবারের আইপিএল। নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে গুজরাট।