শেষ মুহূর্তে দল পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ-মুমিনুল
প্রথম ডাকে দল না পেয়ে মুশফিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সামাজিক মাধ্যমে, তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি তাকে।
সব ক্যাটাগরির ক্রিকেটারদের নিলাম এক দফায় তখন শেষ। কিন্তু ক্রিকেটার পূর্ণ করার কোটা বাকি। নিলামের মঞ্চে জানানো হলো, যে কোনো ক্যাটাগরি থেকে ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগেই দুয়ার খুলে গেল দেশের তিন অভিজ্ঞ ক্রিকেটারের জন্য। শেষ সময়ে দল পেলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মুমিনুল হক।
মুশফিক ও মাহমুদউল্লাহ ছিলেন ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এ’ ক্যাটাগরিতে। মুমিনুল ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে, যেটির ভিত্তিমূল্য ২২ লাখ টাকা। তিনজনই দল পেয়েছেন ভিত্তিমূল্যে।
প্রথম ডাকে না পাওয়া ক্রিকেটারদের ক্যাটাগারি পরের ধাপে নামিয়ে দেওয়ার সুযোগও ছিল। তবে রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক মাইক্রোফোন হাতে বলেন, মুশফিক-মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি সম্মান দেখিয়ে ক্যাটাগরি যেন নামানো না হয়।
মাহমুদউল্লাহকে ভিত্তিমূল্যে নেয় রংপুর রাইডার্স, মুশফিককে রাজশাহী ওয়ারিয়র্স ও মুমিনুলকে সিলেট টাইটান্স।
বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার মুশফিক ছয় মৌসুম পর খেলবেন রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিতে। টুর্নামেন্টের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী মাহমুদউল্লাহ প্রথমবার খেলবেন রংপুরে।
প্রথম ডাকে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ ছিল না মুশফিক, মাহমুদউল্লাহ ও মুমিনুলের প্রতি। মুশফিক তো ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করে বসেন সামাজিক মাধ্যমে। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হলো না তাদেরকে।
