লাইভ: স্মরণীয় সিরিজ জয়ে বাংলাদেশের ইতিহাস
দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ১৭২
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৫৬ ওভারে ১৮৫/৪
চ্যাম্পিয়নশিপে চার নম্বরে উঠল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে তাদের ঝুলিতে এখন ৩৩ পয়েন্ট। ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ।
৭ ম্যাচে ২ জয়ে ১৯.০৫ শতাংশ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পাকিস্তান।
৬৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া পেয়েছে ৬২.৫০ পয়েন্ট।
প্রথমবার ম্যাচ সেরা লিটন
প্রায় ৯ বছর ও ৪৩ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার ম্যান অব দা ম্যাচ স্বীকৃতি পেলেন লিটন কুমার দাস। প্রথম ইনিংসে প্রবল চাপের মুখে ১৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া দুই ইনিংসে মিলিয়ে ৬টি ডিসমিসাল নেন লিটন।
ইংল্যান্ডের পরই বাংলাদেশ
পাকিস্তানের দীর্ঘ ইতিহাসে তাদেরকে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করা মাত্র দ্বিতীয় দল বাংলাদেশ। ২০২২ সালে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। দুই বছর হওয়ার আগে এবার দুই ম্যাচের সিরিজে একই কীর্তি গড়ল বাংলাদেশ।
পাকিস্তানকে ফের হারিয়ে বাংলাদেশের ইতিহাস
আবরার আহমেদের অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি দূর থেকেই ড্রাইভ করে দিলেন সাকিব আল হাসান। বল চলে গেল সীমানায়। অন্য প্রান্তে গর্জনে ফেটে পড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশ পেল অসাধারণ এক অর্জনের স্বাদ।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। মুশফিক ও সাকিবের ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে তারা। একই মাঠে প্রথম টেস্টে তারা জেতে ১০ উইকেটে।
দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সিরিজ জয় এটি। ২০০৯ সালে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবারই প্রথম কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জিতল তারা।
জয়ের জন্য শেষ বাকি ১৪৩ রান। দুই সেশনের কম সময়ে ৫০ ওভার ব্যাটিং করে সে লক্ষ্যে পৌঁছে যায় তারা। মুশফিক ৫১ বলে ২২ ও সাকিব ৪৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন। আউট হওয়া চার ব্যাটসম্যানের সবাই ২০ ছুঁলেও কেউই ফিফটি করতে পারেননি।
দিনের শুরুতে পাকিস্তানের রিভিউ না নেওয়ার ব্যর্থতায় বেঁচে যান জাকির হাসান। তবে তা কাজে লাগাতে পারেননি বাঁহাতি ওপেনার। উদ্বোধনী জুটির পঞ্চাশ পূর্ণ হওয়ার পর ৩৯ বলে ৪০ রান করে ফেরেন তিনি।
ব্যক্তিগত ১৭ রানে জীবন পান সাদমান। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। আলতো শটে ক্যাচ দিয়ে আউট হন ২৪ রান করে। এরপর তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
দুজনই আউট হন আলগা শট খেলে। শান্ত ৮২ বলে ৩৮ ও মুমিনুল ৭১ বলে করেন ৩৪ রান। এরপর আর বিপদ ঘটতে দেননি দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ১৭২
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৫৬ ওভারে ১৮৫/৪ (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিক ২২*, সাকিব ২১*; হামজা ১৪-৪-৪৬-১, শাহজাদ ৭-০-৪০-১, আবরার ১৪-৩-৪০-১, আলি ১৭-৩-৩৭-০, সালমান ৪-১-১৭-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-০তে জয়ী
ফের সতর্কতা পেলেন আবরার
পিচের 'বিপজ্জনক' অঞ্চলে পা রেখে দ্বিতীয়বার আনুষ্ঠানিক সতর্কতা পেলেন আবরার আহমেদ। ইনিংসের ৪৮তম ও নিজের দশম ওভারের শেষ বল করার পর ফলো থ্রুতে পিচের বিপজ্জনক অঞ্চলে পা রাখেন আবরার। তাই অধিনায়ক শান মাসুদকে ডেকে দ্বিতীয় সতর্কতা দেখান আম্পায়ার।
আরেকবার এই একই ভুল করলে এই ইনিংসে আর বোলিং করতে পারবেন না আবরার। এর আগে প্রথম ইনিংসের দুইবার সতর্কতা দেখেন আবরার।
অহেতুক শটে মুমিনুলের বিদায়
মুশফিকুর রহিমের সঙ্গে মুমিনুল হকের জুটি প্রায় জমে গিয়েছিল। কিন্তু হুট করেই অতি আগ্রাসী শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়েছেন মুমিনুল। আবরার আহমেদের বলে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
৪ চারে ৭১ বলে ৩৪ রান করেন মুমিনুল। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান। মুশফিক ২২ বলে ১১ রানে অপরাজিত।
৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৩ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৩২ রান।
বাংলাদেশের দেড়শ
অধিনায়কের উইকেট হারানোর পর দলের ওপর কোনো চাপ আসতে দেননি মুমিনুল হক ও মুশফিকুর রহিম। সাবলীল ব্যাটিংয়ে ধীরে ধীরে জয়ের কাছে এগিয়ে যাচ্ছেন দুজন। এরই মধ্যে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশের স্কোর।
৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। জয় থেকে আর ৩৩ রান দূরে তারা। মুমিনুল ৬৯ বলে ৩৪ ও মুশফিক ১৮ বলে ১০ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৩৩ বলে ২৫ রান।
দুই বলে পাকিস্তানের দুটি ব্যর্থ রিভিউ
আবরার আহমেদের স্টাম্পের ওপর করা ডেলিভারি সুইপ খেলার চেষ্টা করলেন মুশফিকুর রহিম। বল তার ব্যাটের নিচের কানা ছুঁয়ে আঘাত করল প্যাডে। জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার।
কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নিলেন শান মাসুদ। রিপ্লেতে দেখা যায়, ব্যাট অতিক্রম করার সময় 'স্পাইক' আছে আল্ট্রা এজে। তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বৃথা যায় পাকিস্তানের প্রথম রিভিউ।
পরের বলে মিডল স্টাম্পের ওপর থেকে স্কুপ খেলার চেষ্টা করেন মুশফিক। এবারও ব্যাট-প্যাড হয়ে বল চলে যায় উইকেটের পেছনে। পাকিস্তানের জোরাল আবেদনে ফের অনড় থাকেন আম্পায়ার।
আবার কিছুক্ষণ আলোচনা শেষে রিভিউ নেন মাসুদ। আগের বলের মতোই আল্ট্রা এজে 'স্পাইক' দেখা গেলে পরপর দুই বলে দুটি রিভিউ হারায় পাকিস্তান।
৪০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৪০ রান। মুশফিক ৯ বলে ৮ ও মুমিনুল হক ৫৯ বলে ৩০ রানে অপরাজিত।
শান্তকে ফেরালেন সালমান
মধ্যাহ্ন বিরতির পর বেশিক্ষণ টিকতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। সালমান আলি আঘার সাদামাটা এক ডেলিভারিতে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।
৫ চারে ৮২ বলে ৩৮ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙে ৫৭ রানের তৃতীয় উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
৩৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৫৩ রান। মুমিনুল ৫৫ বলে ২৪ রানে অপরাজিত।
শান্ত-মুমিনুল জুটির পঞ্চাশ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
দুই ওপেনারের বিদায়ের পর দলের ওপর চাপ আসতে দেননি নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুজন মিলে গড়লেন পঞ্চাশছোঁয়া জুটি। প্রথম সেশন শেষে জয়ের খুব কাছে বাংলাদেশ।
৩৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২২ রান। জয়ের প্রয়োজন আর রান। মুমিনুল ৪৬ বলে ২০ ও শান্ত ৬৮ বলে ৩৩ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৯৮ বলে ৫২ রান।
দিনের শুরুতে পাকিস্তানের রিভিউ না নেওয়ার ব্যর্থতায় বেঁচে যান জাকির হাসান। তবে তা কাজে লাগাতে পারেননি বাঁহাতি ওপেনার। উদ্বোধনী জুটির পঞ্চাশ পূর্ণ হওয়ার পর ৩৯ বলে ৪০ রান করে ফেরেন তিনি।
ব্যক্তিগত ১৭ রানে জীবন পান সাদমান। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। আলতো শটে ক্যাচ দিয়ে আউট হন ২৪ রান করে। এরপর আর বিপদ ঘটতে দেননি শান্ত ও মুমিনুল। দায়িত্ব নিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যাচ্ছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
২৯ ওভারে বাংলাদেশের একশ
ধীরে ধীরে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর জুটিতে ২৯তম ওভারে একশ রান পূর্ণ করেছে তারা।
দুই ওপেনারকে হারানোর পর শুরুতে কিছুটা অস্বস্তিময় সময় কাটলেও ক্রমেই গুছিয়ে উঠছেন শান্ত ও মুমিনুল। এখন পর্যন্ত অবিচ্ছিন্ন জুটিতে ৬৮ বলে ৩৪ রান যোগ করেছেন তারা দুজন।
২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। জয় থেকে ৮১ রান দূরে তারা। শান্ত ৫৮ বলে ২৩ ও মুমিনুল ২৬ বলে ১৩ রানে অপরাজিত।
সতর্কতা পেলেন শাহজাদ
বারবার পিচের 'বিপজ্জনক' অঞ্চলে পা রাখায় ২২তম ওভারে আম্পায়ারের আনুষ্ঠানিক সতর্কতা পেলেন খুররাম শাহজাদ। চলতি ইনিংসে এটিই তার প্রথম সতর্কতা। আর দুবার সতর্ক করা হলে ম্যাচে আর বোলিং করতে পারবেন না প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া পেসার।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে দুইবার আনুষ্ঠানিক সতর্কতা পেয়েছিলেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ।
টিকলেন না সাদমান
জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না সাদমান ইসলাম। পরের ওভারেই ড্রেসিং রুমের পথ ধরলেন বাঁহাতি ওপেনার।
খুররাম শাহজাদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে আলতো ড্রাইভ করে সোজা মিড অনে দাঁড়ান শান মাসুদের হাতে ক্যাচ তুলে দেন সাদমান।
২ চারে ৫১ বলে ২৪ রান করে ফেরেন সাদমান। নতুন ব্যাটসম্যান মুমিনুল হক। নাজমুল হোসেন শান্ত ১৭ বলে ৪ রানে অপরাজিত।
১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ১১৪ রান।
জীবন পেলেন সাদমান
অল্পের জন্য বেঁচে গেলেন সাদমান ইসলাম। মির হামজার অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় স্লিপে। দ্বিতীয় স্লিপে বাম দিকে ঝাঁপিয়ে নাগাল পেলেও হাতে রাখতে পারেননি সালমান আলি আঘা।
ফলে ১৭ রানে বেঁচে যান সাদমান। দুই বল পর বাউন্ডারি মেরে পাকিস্তানের হতাশা আরও বাড়ান বাঁহাতি ওপেনার।
তবে জাকির হাসানের বিদায়ের পর উইকেটের অস্বস্তিময় সময়ই কাটছে সাদমান ও নাজমুল হোসেন শান্তর। প্রতি ওভারেই ব্যাটের কানা ঘেঁষে যাচ্ছে বল।
১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৮ রান। জয়ের জন্য প্রয়োজন আর ১১৭ রান।
সাদমান ৪৭ বলে ২২ ও শান্ত ১৬ বলে ৪ রানে অপরাজিত।
জাকিরকে ফেরালেন হামজা
পাকিস্তানের রিভিউ না নেওয়ার ব্যর্থতায় বেঁচে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না জাকির হাসান। মির হামজার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরলেন বাঁহাতি ওপেনার।
অফ-মিডল স্টাম্পে পিচ করে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক খেলে ব্যাট ছোঁয়াতে পারেননি জাকির। ব্যাটের বাইরের কানা ঘেঁষে বল আঘাত করে স্টাম্পে। সমাপ্তি ঘটে ৩ চার ও ২ ছক্কায় জাকিরের ৩৯ বলে ৪০ রানের ইনিংসের।
ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ৩৫ বলে ১৬ রানে অপরাজিত সাদমান ইসলাম।
১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৮ রান।
বেঁচে গেলেন জাকির
দশম ওভারে মোহাম্মদ আলির অফ স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি স্কয়ার কাটের চেষ্টায় ব্যাটে লাগাতে ব্যর্থ জাকির হাসান। বল চলে গেল বদলি উইকেটরক্ষক সারফারাজ আহমেদের গ্লাভসে। কোনো আবেদন করলেন না ফিল্ডাররা।
কিছুক্ষণ পর রিপ্লেতে দেখা যায়, জাকিরের ব্যাটের নিচের কানা হালকা ছুঁয়ে গেছে ওই বল। তাই আবেদন করলে বা রিভিউ নিলে আউট হতে পারতেন বাঁহাতি ওপেনার। কিন্তু সেটি না নেওয়ায় বিপদ ঘটেনি ৩০ রানে থাকা জাকিরের।
পরের ওভারে একটি বাউন্ডারিসহ ৮ রান নিয়ে পাকিস্তানের হতাশা আরও বাড়ান জাকির।
১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ১২৭ রান। জাকির ৩৭ বলে ৪০ ও সাদমান ইসলাম ২৯ বলে ১৬ রানে অপরাজিত।
জাকির-সাদমান জুটির পঞ্চাশ
রান তাড়ায় বাংলাদেশকে ইতিবাচক শুরু এনে দিলেন জাকির হাসান ও সাদমান ইসলাম। দুজন মিলে এরই মধ্যে গড়লেন পঞ্চাশ রানের জুটি।
চতুর্থ দিনই অবশ্য ৪২ রান করে ফেলেছিল উদ্বোধনী জুটি। পঞ্চম দিন প্রথম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন সাদমান। এক ওভার পর পূর্ণ হয় জুটির পঞ্চাশ।
১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫০ রান। জয়ের জন্য প্রয়োজন আর ১৩৫ রান।
জাকির ৩১ বলে ৩২ ও সাদমান ২৯ বলে ১৬ রানে অপরাজিত।
শেষ দিনে জয়ের আশা
হাসান মাহমুদ ও নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার পর ঝড়ো সূচনা করেছেন জাকির হাসান। ফলে চতুর্থ দিন শেষে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর ১৪৩ রান। হাতে রয়েছে সবকটি উইকেট।
১৮৫ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে সফরকারীদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪২ রান। জাকির ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে দিনের খেলা শুরু করবেন।
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কার কথা বলা হয়েছে। তবে আপাতত বৃষ্টি নেই মাঠে। তাই নির্দিষ্ট সময়েই শুরু হতে পারে পঞ্চম দিনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ১৭২
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৭ ওভারে ৪২/০ (জাকির ৩১*, সাদমান ৯*; হামজা ৩-১-১২-০, শাহজাদ ৩-০-২৩-০, আবরার ১-০-৫-০)
