Published : 07 Sep 2026, 06:20 PM
ঘরের মাঠে নতুন মৌসুমের শুরুতে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রোটিয়াদের গ্রীষ্ম শুরু হবে। টেম্বা বাভুমার নেতৃত্বে এই সিরিজে খেলবেন ডেভিড মিলার ও কুইন্টন ডি কক। লম্বা সময় পর ওয়ানডেতে ফিরছেন জেরাল্ড কুটসিয়া।
মিলার ও ডি কক এখন কেন্দ্রীয় চুক্তিতে নেই। তবে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলে বেড়ানো দুই বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে থাকার মানে এরা সবাই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য পরিকল্পনায় আছেন ভালোভাবেই।
দক্ষিণ আফ্রিকা কোচ শুক্রি কনরাড জানান, আপাতত সব ওয়ানডেতে হয়তো খেলবেন ডি কক। তবে আইএলটি-টোয়েন্টির জন্য বাংলাদেশের বিপক্ষে হয়তো খেলতে পারবেন না মিলার।
চোট থেকে সেরে না ওঠায় সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা। ২০২৩ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডেতে খেলার সুযোগ পাচ্ছেন আরেক পেসার কুটসিয়া। তিন বছর ধরে চোট বেশ ভোগাচ্ছে তাকে। তবে গত জুনে ইংল্যান্ড লায়ন্স ও সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি।
পেস বোলিং আক্রমণে কুটসিয়ার সঙ্গী মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কেওয়েনা মাফাকা ও অটনিল বার্টম্যান। দলে আছেন দুই স্পিনার- দুইজনই বাঁহাতি কেশাভ মহারাজ ও বিয়ন ফোরটান।
নামিবিয়া সফরের দল থেকে ফোরটান ছাড়া আর কেবল ডাক পেয়েছেন টনি ডি জর্জি। এর অর্থ বাইরেই থাকছেন ডেওয়াল্ড ব্রেভিস। বাংলাদেশের বিপক্ষে তাকে সুযোগ দেওয়ার কথা বলেছেন দক্ষিণ আফ্রিকা কোচ।
শেষ দুটি ম্যাচের দলে থাকবেন এইডেন মার্করাম।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে খেলার পর ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ দলের একটা আভাস সেই সিরিজে দিবেন বলে জানিয়েছেন কনরাড।
অস্ট্রেলিয়া সিরিজের দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিল বার্টম্যান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফোরটান, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কেওয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।