Published : 23 May 2026, 10:29 AM
ম্যাচ শেষে করমর্দনের নিয়মিত পর্ব। লাইন ধরে বেরিয়ে আসছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা, মাঠে ঢুকছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা। সবার আগে ভিরাট কোহলি। তিনি হাতে মেলালেন প্যাট কামিন্সের সঙ্গে, এরপর আভিষেক শার্মার সঙ্গে। এরপরই ছিলেন ট্রাভিস হেড। হায়দরাবাদের অস্ট্রেলিয়ান তারকা হাত বাড়িয়ে দিলেন, কিন্তু তাকে পাত্তাই দিলেন না কোহলি। হাত মেলানো বহুদূর, তার দিকে তাকালেন না পর্যন্ত। হেডকে উপক্ষো করে তিনি হাত মেলালেন ইশান কিষানের সঙ্গে, পরে অন্য সবার সঙ্গেই।
এই ঘটনার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সমালোচনার তীর ছুটছে কোহলির দিকে। ম্যাচের সময় এই দুজনের স্লেজিং ও উত্তপ্ত বাক্য বিনিময়ের রেশই ভারতীয় কিংবদন্তি বয়ে নিয়েছেন ম্যাচ শেষেও।
হায়দরাবাদে শুক্রবার এই ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষ চারে থাকা নিশ্চিত করে হায়দরাবাদ। ঘরের মাঠে ২৫৫ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। কোহলিদের রান তাড়ায় চতুর্থ ওভারে দেখা যায় হেড ও কোহলির মধ্যে সেই ঝামেলা।
ঘটনার সূত্রপাত কীভাবে, তা বলা কঠিন। তবে চতুর্থ ওভারে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায়। হেডের দিকে বেশ উত্তেজিত হয়ে এগিয়ে গিয়ে কোহলি ইশারা করে তাকে বল করতে আসার ইঙ্গিত দেন এবং একই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ারের ভঙ্গিমা দেখিয়ে তাকে ঠাট্টাও করেন।
উল্লেখ্য যে, এই মৌসুমে বেশির ভাগ ম্যাচেই হেডকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছে হায়দরাবাদ, যেখানে তাকে ফিল্ডিং খুব একটা করানো হয়নি, মূলত ব্যাটিং করানো হয়েছে।
ওই ওভারে বাঁহাতি স্পিনার শিভাং কুমারকে গুঁড়িয়ে তিনটি ছক্কা ও একটি চার মারেন কোহলির সতীর্থ ভেঙ্কাটেশ আইয়ার। পরের ওভারেই আউট হয়ে যান ১৯ বলে ৪৪ রান করা এই বাঁহাতি। পরের ওভারেই সাকিব হুসেইনের স্লোয়ারে কোহলি আউট হয়ে যান ১১ বলে ১৫ রান করে।
সংবাদমাধ্যমের খবর, এরপরই কোহলির দিকে এগিয়ে হেড বলেন, ‘মেইট, আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে!”
ম্যাচের শেষ দিকে সত্যিই বোলিং আসেন হেড এবং বেঙ্গালুরু অধিনায়ক রাজাত পাতিদারকে আউট করেন। এই মৌসুমে এবারই প্রথম বোলিং করতে দেখা গেল তাকে।
ধারণা করা হচ্ছে, সেই ঘটনার রেশই ম্যাচের পরে বয়ে নেন কোহলি। ম্যাচের পর ভিডিও ভাইরাল হয়ে যায় ক্রমেই। সেখানে খেলাটির স্পিরিট ভঙ্গের দায়ে কোহলিকে কাঠগড়ানোয় দাঁড় করান অনেকেই। এমনকি সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান টিভিতে বলেন, “দেখুন, খেলার সময় উত্তেজনার মুহূর্তে অনেক কিছুই হতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু এরপর যা ঘটল, তা ঠিক হয়নি মোটেও।”
আইপিএলের প্লে অফেই আবার তেখা হতে পারে দুই দলের।