জাহানারার লিখিত অভিযোগ জমার সময় বাড়ল ১৫ দিন
জাহানারা আলমের আবেদনে লিখিত আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার মেয়াদ বাড়িয়েছে বিসিবি গঠিত স্বাধীন তদন্ত কমিটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত স্বাধীন তদন্ত কমিটির কাছে এখনও লিখিত অভিযোগ দেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক জাহানারা আলম। অভিজ্ঞ এই পেসাররের আবেদনের প্রেক্ষিত লিখিত আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার সময় ১৫ দিন বাড়ানো হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জাহানারার লিখিত অভিযোগ পাওয়ার আশা করছে তদন্ত কমিটি।
তদন্ত প্রক্রিয়ায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, একটি ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে চান তারা। প্রধান অভিযোগকারী নিজেই সময় চাওয়ায় তদন্তের স্বার্থে তারা সময়সীমা বৃদ্ধি করেছেন।
নভেম্বরের প্রথম সপ্তাহে ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে এক বিস্ফোরক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ তোলেন যে, জাতীয় দলে খেলার সময় তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তার অভিযোগের তীর ছিল বিসিবির নারী বিভাগের সাবেক নির্বাচক ও ম্যানেজার, সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম এবং ওই বিভাগের সাবেক ইনচার্জ (প্রয়াত) তৌহিদ মাহমুদের দিকে। এছাড়াও তিনি সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন।
সাবেক পেসার দাবি করেন, তিনি এই বিষয়ে বিস্তারিত জানিয়েও বোর্ডের সংশ্লিষ্ট মহল থেকে কোনো প্রতিকার পাননি, যা তাকে প্রকাশ্যে কথা বলতে বাধ্য করেছে। জাহানারা অভিযোগ তোলার পর পরই বিসিবির টনক নড়ে। পুরো দেশে বিসিবি'র বিচারহীনতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
শুরুতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ৯ নভেম্বর সেখানে আরও দুই জন সদস্য যোগ করা হয় তাদের ১৫ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।
সেই সময়সীমা শেষ হয় গত ২৮ নভেম্বর। এরপর তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই মঙ্গলবার বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জাহানার কাছ থেকে সময় বাড়ানোর অনুরোধ পাওয়ার খবর জানানো হল।
ঘটনাটি সামনে আসার পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিসিবি'র এই তদন্তে দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানিয়েছিল।
যৌন হয়রানি প্রতিরোধে দেশের ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা আনতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর আগেই জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত সব ফেডারেশনকে একটি করে অভিযোগ কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছিল।
