২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘প্রতি ম্যাচে তাদের পরীক্ষায় ফেলা হবে বোকামি’

দুই তারকা ব্যাটসম্যানের ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না ভারতের প্রধান নির্বাচক।

‘প্রতি ম্যাচে তাদের পরীক্ষায় ফেলা হবে বোকামি’
রোহিত শার্মা (বাঁয়ে) ও ভিরাট কোহলি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 10:38 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

দুই সংস্করণ থেকে অবসর নেওয়া রোহিত শার্মা ও ভিরাট কোহলি কি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন? এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার। তবে সাবেক এই পেসার স্পষ্ট করে দিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নির্ধারণ হবে না দুই তারকা ব্যাটসম্যানের ভবিষ্যৎ।

‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট’-এ শুক্রবার রোহিত ও কোহলির ২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে বলেন আগারকার। 

“দেখুন তারা (রোহিত ও কোহলি) এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় দলের অংশ। দুই বছরের মধ্যে, আমরা জানি না পরিস্থিতি কেমন হবে। তাহলে শুধু তারা দুজনই কেন? আরও কিছু তরুণ খেলোয়াড় এখানে থাকতে পারে (যারা টুর্নামেন্টে নাও খেলতে পারে)।”

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধু ওয়ানডেতে সক্রিয় আছেন রোহিত ও কোহলি। গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এই সাত মাসে জাতীয় দলের জার্সিতে তাদের আর দেখা যায়নি। অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত ওয়ানডে অধিনায়কত্বও হারিয়েছেন, দায়িত্বটি উঠেছে শুবমান গিলের কাঁধে।

রোহিতের বয়স এখন ৩৮, কোহলির ৩৬। ওয়ানডে সিরিজের মাঝে ম্যাচ অনুশীলনের সুযোগ থাকে কম। ওয়ানডে দলে এই দুজনের থাকা নির্ভর করতে পারে প্রতিটি সিরিজে তাদের পারফরম্যান্সের ওপর, এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে। তবে প্রতি ম্যাচে তাদের পরীক্ষায় ফেলার কিছু দেখছেন না আগারকার।  

“এটা (প্রতি ম্যাচে পরীক্ষায় ফেলা) একটু বোকামি হবে, তাই না? যখন কিনা একজনের গড় ৫০-এর বেশি এবং অন্যজনের গড় ৫০-এর কাছাকাছি। তাদের প্রতিটি ম্যাচে পরীক্ষায় ফেলবেন না। ২০২৭ সাল তো অনেক দূরে, দুজনেই একই সংস্করণে খেলবে… (সাম্প্রতিক সময়ে) তারা খুব বেশি ক্রিকেট খেলেনি। একবার তারা খেলা শুরু করলে, তারপর সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মূল্যায়ন করবেন।”

“তাদের পরীক্ষায় ফেলা হচ্ছে না, যা অর্জন করার ছিল, তারা তা অর্জন করেছে। কেবল ট্রফিই জেতেনি, রানও করেছে। তাই এমন নয় যে, যদি তারা দুজনেই এই সিরিজে রান না করে, তাহলে তারা সেখানে (বিশ্বকাপে) থাকবে না অথবা যদি তারা তিনটি সেঞ্চুরি করে, (সেই কারণেই) তারা ২০২৭ সালে খেলবে।”

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী রোববার পার্থে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।