Published : 14 Dec 2025, 05:05 PM
ভারত-পাকিস্তানের ম্যাচে দৃশ্যটা যেন নিয়মিত হয়ে উঠেছে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও। টসের সময় করমর্দন করেননি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের অধিনায়ক আয়ুশ মাত্রে ও ফারহান ইউসাফ।
দুবাইয়ে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ইউসাফ।
ক্রিকেট ম্যাচে টসের সময় সাধারণত দুই দলের অধিনায়ক হাত মেলান। আর ম্যাচ শেষে করমর্দন করেন দুই দলের ক্রিকেটাররা। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে এখন আর এমন কিছু দেখা যায় না।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত পুরুষদের এশিয়া কাপ থেকে শুরু এই বিতর্কিত কাণ্ডের। দুই দেশের রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে এশিয়া কাপে তিনবারের দেখায় একবারও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয়রা। যা নিয়ে তখন জল গড়ায় বহুদূর।
এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফাইনালসহ তিন ম্যাচেই পাকিস্তানকে হারায় ভারত। কিন্তু ফাইনাল শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ছাড়তে হয় তাদেরকে। যে জটিলতার সমাধান হয়নি এখনও।
এরপর মেয়েদের বিশ্বকাপেও হাত মেলাননি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। এসিসির রাইজিং স্টার্স এশিয়া কাপেও দেখা যায় একই দৃশ্য।
তবে ব্যতিক্রম ঘটে দৃষ্টিপ্রতিবন্ধীদের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে। সেখানে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করেন। রাজনৈতিক টানাপোড়েন উপেক্ষা করে ক্রীড়াসুলভ মনোভাব দেখানোর এই দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দেয়।