Published : 18 May 2026, 11:44 AM
সিলেটে সবশেষ টেস্টেই ১৭১ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। সেই স্মৃতির আশ্রয়ে প্রেরণা খুঁজে নিলেন তিনি। আগের যেসব ইনিংসে আগ্রাসী ব্যাটিং করেছিলেন, সেগুলোর ভিডিও দেখেও উজ্জীবিত করলেন নিজেকে। এরপর ঠিক করলেন, আগ্রাসনের কৌশলই বেছে নেবেন তিনি। সেই পরিকল্পনার পথ ধরেই চরম ব্যর্থ সিরিজের শেষ ইনিংসে স্ট্রোকসমৃদ্ধ একটি ফিফটি করতে পারলেন বাংলাদেশের এই ওপেনার।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম তিন ইনিংসে জয়ের রান ছিল ৮, ৫ ও শূন্য। রানের চেয়েও বড় কথা, ব্যাটিংই যেন ভুলে গিয়েছিলেন তিনি। প্রতিটি ইনিংসেই তাকে মনে হয়েছে নড়বড়ে। তার টেকনিক ও ব্যাটিংয়ের ধরন চোখে লেগেছে দৃষ্টিকটূভাবে।
সবশেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে ১৪ চার ও ৪ ছক্কায় ১৭১ রানের ইনিংস খেলার পর মিরপুরেও করেছিলেন ফিফটি। এবার পাকিস্তানের বোলিং শক্তি নিঃসন্দেহে আইরিশদের চেয়ে অনেক ভালো। তবে জয় তো আরও ভালো বোলিং, আরও কঠিন কন্ডিশনেও বড় রান করেছেন!
মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক জয়ের ম্যাচে ২৯২ মিনিটে ৭৮ রানের ইনিংস খেলেছেন, ডারবানে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ৪৪২ মিনিট ক্রিজে কাটিয়ে ১৩৭ করেছেন, এই সিলেটেই নিউ জিল্যান্ডের বিপক্ষে করেছেন ৮৬। কিন্তু এই সিরিজে যেন ব্যাটিংই ভুলে গিয়েছিলেন।
অবশেষে কিছুটা আলোয় এলেন তিনি সিরিজের শেষ ইনিংসে। এমন বড় কিছু করতে পারেননি বটে। তবে দ্বিতীয় দিন বিকেলে ইতিবাচক ব্যাটিংয়ে ১০ চারে ফিফটি করেন ৫৮ বলে। পরে অবশ্য আউট হয়ে যান ৫২ রানেই।
তৃতীয় দিনের খেলা শুরুর আগে টিভি সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান শোনালেন, কীভাবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করেছেন তিনি।
“গত কয়েকটি ইনিংসে একটু নড়বড়ে ছিলাম। এজন্য চেষ্টা করেছি এবার আমার সহজাত ব্যাটিং করতে। গত সিরিজে এখানে বড় স্কোর গড়েছি। সেই স্মৃতি মনে করেছি আমি এবং আগের কিছু দেখেছি, যখন কিছুটা আগ্রাসী ছিলাম। সেটিই বয়ে আর চেষ্টা করেছি এখানে শেষ ইনিংসে।”
জয় বললেন, সিলেটের উইকেটও তাকে সাহস জুগিয়েছে শট খেলতে।
“গতকাল বেশ ভালো ছিল (উইকেট)। রোদ উঠেছিল, বল বেশ ভালোভাবে ব্যাটে এসেছে। এজন্য চেষ্টা করেছি ওসব শট খেলতে।”
৩ উইকেটে ১১০ রান নিয়ে ও ১৫৬ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ। আগের দিনের খেলা শেষে ফাস্ট বোলার নাহিদ রানা বলেছিলেন, সুনির্দিষ্ট কোনো স্কোরের লক্ষ্য নেই দলের, বরং দিনজুড়ে ব্যাট করতে চান তারা। একই কথা শোনা গেল জয়ের কণ্ঠেও।
“আমাদের সেরকম কোনো পরিকল্পনা নেই (স্কোর নিয়ে)। কারণ, মাত্র তৃতীয় দিন চলছে। তৃতীয় ইনিংসে ব্যাট করছি আমরা, যত লম্বা সময় ব্যাট করতে পারব, বড় স্কোর হবে।”