Published : 12 Dec 2025, 01:29 PM
ওপেনিংয়ে উসমান খাওয়াজা নাকি ট্রাভিস হেড? অস্ট্রেলিয়ান ক্রিকেটে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত প্রশ্ন এটি। সেখানে নিজের মতামত জানিয়ে রাখলেন দেশটির সর্বকালের সেরা ওপেনারদের একজন ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে তার সাবেক সঙ্গী খাওয়াজাকেই ইনিংসের শুরুতে দেখতে চান তিনি, হেডকে চান পাঁচে।
অস্ট্রেলিয়ার মূল ওপেনার হিসেবেই অ্যাশেজ শুরু করেছিলেন খাওয়াজা। কিন্তু প্রথম টেস্ট চলার সময় পার্থে পিঠের জড়তার কারণে তিনি ইনিংস শুরু করতে পারেননি। সেখানে প্রথম ইনিংসে ওপেন করে খুব ভালো করতে পারেননি মার্নাস লাবুশেন। দ্বিতীয় ইনিংসে ওপেন করে স্মরণীয় এক বিধ্বংসী সেঞ্চুরি উপহার দেন হেড।
পিঠের সেই সমস্যার কারণে পরের টেস্টে খেলতেই পারেননি খাওয়াজা। এবার হেড ও জ্যাক ওয়েদেরল্ড ওপেন করে দলকে ভালো শুরু এনে দেন।
এবার তৃতীয় টেস্টের স্কোয়াডে ফিরেছেন খাওয়াজা। প্রশ্নের ভিড়ও তাই জমতে শুরু করেছে। খাওয়াজাকে ওপেনিংয়ে ফেরানো হবে নাকি হেডকেই রাখা হবে, এই প্রশ্নে ভাগ হয়ে গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, সাবেক ব্যাটসম্যান গ্রেগ ব্লিউয়েটের চাওয়া, হেডকেই ওপেনিংয়ে রাখা হোক।
তবে তাদের সঙ্গে একমত নন ওয়ার্নার। বিগ ব্যাশ মৌসুম শুরুর আগে সংবাদ সম্মেলনে এই প্রশ্নে সিডনি থান্ডারের অধিনায়ক বললেন, তিনি খাওয়াজাকেই দেখতে চান ওপেনিংয়ে।
“আমার মনে হয়, উজি (খাওয়াজা) একাদশে ফিরবে, টপ অর্ডারে জায়গা করে নেবে এবং ট্রাভ (হেড) নিচে নেমে যাবে। ট্রাভিস হেড নিচে নেমে যাওয়া মানে ইংল্যান্ডের জন্য এটা বরং আরও ভীতি জাগানিয়া হবে।”
“পরিস্থিতি দাবি করছিল, ট্রাভ এগিয়ে এসেছিল (ওপেন করতে)। সে যেভাবে ব্যাট করে, সেভাবেই ব্যাট করেছে সেখানে। অনেক সাক্ষাৎকারে সে নিজেই বলেছে, জায়গাটি উজির প্রাপ্য, সময় এলে তাকে যদি টপ অর্ডারে পাঠানো হয়, তার (হেড) নিচে নামতে আপত্তি নেই।”
ওয়ার্নারের মতে, অ্যাশেজ শেষে খাওয়াজা অবসর নিলে তখন হেডকে আবার ওপেনিংয়ে দেখা যেতে পারে। পাশাপাশি তিনি জুড়ে দিলেন, ওপেনিংয়ে হেড ব্যর্থ হলে যেন সেটির জন্যও প্রস্তুত থাকে সবাই।
“মাঝের ওভারগুলেতে আমাদের এমন আগ্রাসী ব্যাটসম্যান ছিল না (হেড আসার আগে)। এখন আমাদের এরকম একজন আছে এবং সামনে গিয়ে উজি যে সিদ্ধান্তই নিক… যদি সে থেমে যায় (অবসর নেয়), তখন তারা সেভাবে ব্যাপারটি দেখতে পারে (হেডকে ওপেন করানো)।”
“কিন্তু এরপর আমাদের সবাইকে এটাও বুঝতে হবে যে, যদি সে কার্যকর না হয়, ট্রাভকে আবার নিচে নেমে যেতে হবে। তখন তাদের বদলি আরেকজনকে প্রয়োজন হবে। নির্বাচকদের সামনে পরীক্ষা অপেক্ষা করছে।”
এবারের অ্যাশেজে জেইক ওয়েদেরল্ডকে দলে নেওয়ায় নির্বাচকদের প্রশংসা করেন ওয়ার্নার। তবে ভবিষ্যতে তাকিয়ে তার পছন্দ ম্যাট রেনশ।
“তরুণ অনেক প্রতিভা উঠে আসছে আমাদের। তবে জর্জ বেইলি (প্রধান নির্বাচক) ও অন্যদেরকে আমি যেটা বলব, ৩১ বছর বয়সী জেইক ওয়েদেরল্ডের ওপর যেন তারা ভরসা রাখেন। অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। নির্বাচকদের কৃতিত্ব দিতে হবে তাকে দলে নেওয়ায়।”
“সামনে তাকিয়ে আমার মনে হয়, রেনশ খুব ভালো বিকল্প হতে পারে। আমার মনে হয়, সে সরাসরি দলে চলে আসবে। প্রচুর রান করছে। টেস্ট ক্রিকেটের স্বাদও পেয়েছে আগে।”
অ্যাডিলেইড টেস্ট শুরু আগামী বুধবার।