১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নতুন করে ভাবতে হবে’ হ্যাটট্রিক হারের পর পান্ডিয়া

দলের বর্তমান পরিকল্পনা কাজ করছে না বলে স্বীকার করে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।

‘নতুন করে ভাবতে হবে’ হ্যাটট্রিক হারের পর পান্ডিয়া
সতীর্থদের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া (মাঝে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 06:17 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। হারের চক্র থেকে বেরই হতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্স। টানা তিনটি ম্যাচে পরাজয়ের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মনে হচ্ছে, নতুন করে পরিকল্পনা সাজানোর সময় হয়েছে তাদের।

এবারের আইপিএলের শুরুটা অবশ্য দারুণভাবেই করে মুম্বাই, কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে। সেটাও ২২০ রান তাড়া করে। কিন্তু এরপর, হেরেই চলেছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মুম্বাইয়ের কঠিন সময়। রাজস্থান রয়্যালসের পর, এবার তারা হারল শিরোপাধারী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।

মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে তাদের বোলারদের তুলাধুনা করে ২৪০ রান তোলে বেঙ্গালুরু। পরে শেরফেন রাদারফোর্ড ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ২২২ পর্যন্ত যেতে পারে মুম্বাই। ১৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

মুম্বাইয়ের এখনকার পরিকল্পনা যে কাজ করছে না, ম্যাচ শেষে স্বীকার করে নিলেন পান্ডিয়া। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভালো করতে প্রয়োজনীয় পরিবর্তন আনার ইঙ্গিৱও দিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার।

“সত্যি বলতে, এখন অনেক কিছু নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। নিশ্চিতভাবেই, আমাদের পরিকল্পনা কাজ করছে না। কয়েকটি ম্যাচে আমরা টস জিতেছি; কিন্তু এখন আমাদের অন্য বিকল্পগুলো নিয়ে ভাবতে হবে, সেটা ব্যাটিং বিভাগ হোক কিংবা বোলিং। টসে যাই হোক, আমাদের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো করতে হবে।”

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে মুম্বাইকে টানেন রাদারফোর্ড। ৩১ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান। একটি চারের সঙ্গে মারেন ৯টি ছক্কা। ম্যাচ শেষে রাদারফোর্ডের স্তুতি ঝরে ২২ বলে ৪০ রান করা পান্ডিয়ার কণ্ঠে।

“রাদারফোর্ডকে পাওয়ার পর থেকেই তাকে নিয়ে রোমাঞ্চিত ছিলাম। তার সামর্থ্য ও শক্তি সম্পর্কে আগে থেকেই জানতাম। সে যেভাবে ব্যাটিং করেছে…তা আত্মবিশ্বাস যোগাচ্ছে। যদি দলে কোনো পরিবর্তন আনতে চাই বা দলের প্রয়োজন অনুযায়ী নতুন কিছু করতে চাই, তাহলে তার ব্যাটিংয়ের কারণে আমরা নিশ্চিন্তে তা করতে পারি।”

ওয়াংখেড়েতে আগামী বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই।