Published : 30 Apr 2026, 06:25 PM
আইপিএলে ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে ‘ভ্যাপিং’ করার ঘটনায় শাস্তি পেয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পারাগ। তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
গত মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থানের ৬ উইকেটে জয়ের ম্যাচের ঘটনা এটি। রাজস্থানের রান তাড়ার সময় ২৪ বছর বয়সী পারাগের ড্রেসিং রুমে ই-সিগারেট ব্যবহার করার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, সমালোচনার মুখে পড়েন এই ভারতীয় ব্যাটসম্যান।
ভারতে ভ্যাপিং নিষিদ্ধ, যার মধ্যে আছে ই-সিগারেট বিক্রি, উৎপাদন, আমদানি ও বিজ্ঞাপনও।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বৃহস্পতিবার এক বিবৃতিতে পারাগের শাস্তির কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পারাগ আইপিএলের আচরণবিধির ২.২১ ধারা লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। এই ধারা খেলাটির সুনাম ক্ষুণ্ণ করে এমন আচরণের সঙ্গে সম্পর্কিত।
রাজস্থানে পারাগের পারিশ্রমিক ১৪ কোটি রুপি। তার ম্যাচ ফি দাঁড়ায় প্রায় এক কোটি রুপি। ২৫ শতাংশ জরিমানা মানে প্রায় ২৫ লাখ রুপি, প্রথম অপরাধ বিবেচনায় যা বেশ বড় অঙ্কের।
এবারের আইপিএলে ব্যাট হাতে মোটেও ভালো করতে পারছেন না পারাগ। এখন পর্যন্ত ৯ ম্যাচে একবারও ৩০ ছুঁতে পারেননি তিনি। ওই ৯ ম্যাচের ছয়টি জিতে পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে তার দল।