১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উত্তপ্ত বাক্য বিনিময় ও লাবুশেনের কাঁধে হাত রেখে বিতর্কের মুখে স্টোকস

‘আপনার কি কোনোভাবে প্রতিপক্ষের খেলোয়াড়কে স্পর্শ করা উচিত?’, প্রশ্ন তুলেছেন অ্যাডাম গিলক্রিস্ট ও ব্রেট লির মতো অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা।

উত্তপ্ত বাক্য বিনিময় ও লাবুশেনের কাঁধে হাত রেখে বিতর্কের মুখে স্টোকস
এভাবেই মার্নাস লাবুশেনের কাঁধে হাত রেখে কথা বলতে থাকেন বেন স্টোকস। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

সিডনি টেস্টের দ্বিতীয় দিন মার্নাস লাবুশেনের সঙ্গে বেন স্টোকসের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা আলোচনা জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের কাঁধে হাত রেখে কথা বলায় সমালোচনার মুখে পড়েছেন ইংলিশ অধিনায়ক স্টোকস।

অ্যাশেজের পঞ্চম টেস্টে সোমবার দিনের তৃতীয় সেশনের ঘটনা এটি। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৯তম ওভারের শেষ দুই বলে স্টোকসকে চার মারেন ট্রাভিস হেড। ওভার শেষের পর কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন স্টোকস ও লাবুশেন। কোন প্রেক্ষিতে শুরুটা হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে ওই সময়ে দিনের আলো কমে আসার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

লাবুশেনকে কিছু বলতে বলতে ফিল্ডিং পজিশনের দিকে এগিয়ে যান স্টোকস। এরপর উল্টো ঘুরে এগিয়ে এসে লাবুশেনের কাঁধে হাত রেখে কথা বলতে থাকেন ইংলিশ অলরাউন্ডার। আম্পায়ার আহসান রাজাও এগিয়ে আসেন তাদের দিকে। এরপর লাবুশেনের কাঁধে একটা চাপড় দিয়ে চলে যান স্টোকস।

নিজের পরের ওভারেই অবশ্য লাবুশেনকে আউট করে দেন স্টোকস। ৪৮ রান করে বিদায় নেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। 

কথার লড়াই শুরু। ছবি: রয়টার্স

কথার লড়াই শুরু

উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় লাবুশেনের ওপর স্টোকসের ওভাবে হাত রাখা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। ফক্স স্পোর্টসে ধারাভাষ্যে তিনি বলেন, “আপনার কি অন্য খেলোয়াড়কে স্পর্শ করা উচিত? উত্তর হলো না।”

এবার প্রথম তিন টেস্ট জিতেই অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। লির মতে, জেগে উঠতে অনেক দেরি করে ফেলেছে ইংল্যান্ড।

“এমনটা আমি প্রথম টেস্টে দেখতে চাই। অ্যাশেজ আসলে এটাই। তোমার দেশের হয়ে খেলছো তুমি, তাই মাঠে নেমে লড়াই করো।”

একই সুর অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলির কণ্ঠেও, “এটা পঞ্চম টেস্ট, এখন একটু দেরি হয়ে গেছে। ওই মুহূর্তটির জন্য তাকে (স্টোকস) ম্যাচ রেফারির কাছে যেতে হতে পারে।”

কায়ো স্পোর্টসে সাবেক অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট তার ক্যারিয়ারে অ্যাশেজ সিরিজের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনা তুলে ধরেন।

উত্তপ্ত পরিস্থিতি। ছবি: রয়টার্স

উত্তপ্ত পরিস্থিতি

“পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে উঠেছিল, (কারণ) এটি পঞ্চম টেস্ট এবং হয়তো সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছে। বেন স্টোকস ও মার্নাস লাবুশেনের মধ্যে এই দ্বন্দ্ব, কথার লড়াই শুরু হয়েছিল এবং (এই টেস্টের আগে) এসব কোথায় ছিল?” 

“আমি জানি না সে (স্টোকস) পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিল কি-না, তবে এখনও মনে হচ্ছে বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল। আপনার কি কোনোভাবে কোনো প্রতিপক্ষ খেলোয়াড়কে স্পর্শ করা উচিত? তবে অ্যাশেজ সিরিজে আমরা এটাই আশা করি।”