১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই গিল

বিশ্বকাপ দিয়ে এই সংস্করণের দলে ফিরলেন রিঙ্কু সিং, ইশান কিষান

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই গিল
শুবমান গিল। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 04:00 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

সহ-অধিনায়ক শুবমান গিলকে বাইরে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল ভারত। এতে জায়গা হয়নি জিতেশ শার্মারও। ১৫ সদস‍্যের দলে ফিরেলেন রিঙ্কু সিং ও ইশান কিষান।

গিলের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক করা হয়েছে আকসার প‍্যাটেলকে। এই দলটিই নিউ জিল‍্যান্ডের বিপক্ষে পাঁচ ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে।

কিপার-ব‍্যাটসম‍্যান কিষান পেলেন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ভালো খেলার পুরস্কার। প্রায় দুইশ স্ট্রাইক রেটে ৫১৭ রান করে টুর্নামেন্টর সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে না থাকলেও মিডল অর্ডারে জায়গা মিলেছে রিঙ্কুর। বাদ পড়েছেন উইকেটের পেছনে সাম্প্রতিক সময়ের প্রথম পছন্দ জিতেশ।

পেস বোলিংয়ে অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ সঙ্গে আছেন আর্শদিপ সিং ও হার্শিত রানা। পেস বোলিং অলরাউন্ডারও আছেন দুই জন- হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে।

দলে বিশেষজ্ঞ স্পিনার দুই জন ভারুন চক্রবর্তী ও কুলদিপ ইয়াদাভ। সঙ্গে আছেন দুই জন স্পিন অলরাউন্ডার- আকসার ও ওয়াশিংটন সুন্দার।

মিডল অর্ডারে আছেন বিস্ফোরক ব‍্যাটসম‍্যান- অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ, তিলাক ভার্মা, রিঙ্কু।

ওপেনার আভিশেক শার্মা ও সাঞ্জু স‍্যামসনের সঙ্গে টপ অর্ডারের ভাবনায় আছেন কিষান।  

চোটের জন‍্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ‍্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম‍্যাচে খেলতে পারেননি গিল। তবে এই সংস্করণে ব‍্যাট হাতে ভালো ছন্দেও নেই তিনি। ১৫ ইনিংসে ২৪.২৫ গড়ে করেছেন ২৯১ রান, স্ট্রাইক রেট ১৩৭.২৬। এই সময়ে নেই কোনো ফিফটি বা সেঞ্চুরি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স‍্যামসন (উইকেটরক্ষক), তিলাক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, আকসার প‍্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদাভ, ভারুন চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দার, ইশান কিষান (উইকেকটরক্ষক)।