১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্য সফর থেকে ছিটকে গেলেন জনসন

বাঁহাতি এই ফাস্ট বোলারের জায়গায় দলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার শন অ্যাবটকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 04:26 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল স্পেন্সার জনসনের, সেটা আপাতত শেষ। সাইড স্ট্রেইনের সমস‍্যায় যুক্তরাজ্য সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার।

আগামী মাসের এই সফরে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ম‍্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে ৫ টি-টোয়েন্টির সবশেষটি খেলেন জনসন গত ফেব্রুয়ারিতে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। আসছে সিরিজ দুটি থেকে বিশ্রাম পাওয়া অভিজ্ঞ মিচেল স্টার্কের বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল তাকে। কিন্তু দা হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলের হয়ে খেলার সময় চোট পেয়ে শেষ হয়ে গেল সেই সম্ভাবনা।

২৮ বছর বয়সী বাঁহাতি পেসার জনসনের জায়গায় ডাকা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার শন অ্যাবটকে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৫ টি-টোয়েন্টি খেলে ১৫ উইকেট নিয়েছেন তিনি। এই সফরে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। শুরুতে কেবল ওয়ানডে সিরিজের জন্য ভাবনার ছিলেন অ্যাবট।

টি-টোয়েন্টির সিরিজ দুটিতে না খেললেও ওয়ানডে সিরিজে খেলবেন স্টার্ক। পুরো সফরেই অস্ট্রেলিয়া পাবে না প্যাট কামিন্সকে। দুই সংস্করণেই খেলবেন জশ হেইজেলউড।

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া পেসার জাভিয়ার বার্টলেটকে টি-টোয়েন্টি সিরিজ দুটির দলে রেখেছে অস্ট্রেলিয়া। তার সঙ্গে আছেন বিশেষজ্ঞ পেসার ন্যাথান এলিস। দলে রাখা হয়েছে আরও তিন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি ও মার্কাস স্টয়নিসকে।

স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন টি-টোয়েন্টি যথাক্রমে ৪, ৬ ও ৭ সেপ্টেম্বর। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি খেলবে তারা।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জাভিয়ার বার্টলেট, কুপার কোনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।