বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন
দ্বিতীয় ওয়ানডে এবং প্রথম দুই টি-টোয়েন্টি হবে আগে ঘোষিত তারিখের পরদিন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজের সূচিতেই পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। দ্বিতীয় ওয়ানডে এবং প্রথম দুই টি-টোয়েন্টি হবে আগে ঘোষিত তারিখের পরদিন।
এক বিবৃতিতে মঙ্গলবার বিসিবি জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এই পরিবর্তন আনা হয়েছে। তবে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হয়নি।
দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ২০ অক্টোবর, একদিন পিছিয়ে সেটি হবে ২১ অক্টোবর। একইভাবে একদিন করে পিছিয়ে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ অক্টোবর ও দ্বিতীয়টি ২৯ অক্টোবর।
আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে। তিন ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়।
চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি। তিন ম্যাচেই খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
বাংলাদেশ দল এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে তারা। বুধবার আফগানদের বিপক্ষেই শুরু হবে তাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
