২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড-ছোঁয়া সেঞ্চুরিতে রুটের ১৪৩, আটে নেমে অ্যাটকিনসনের অপরাজিত ৭৪

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 01:03 AM

Updated : 26 Aug 2026, 10:22 AM

ম্যানচেস্টার টেস্ট যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন লর্ডস টেস্ট শুরু করলেন জো রুট। দায়িত্বশীল ফিফটিতে বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে তিনি ইতি টেনেছিলেন প্রথম টেস্টের। এবার প্রথম বলেই মারলেন চার। দারুণ সব শটের পসরা মেলে অসাধারণ আরেকটি শতকে তিনি নাম লেখালেন রেকর্ড বইয়ে। সঙ্গে গাস অ্যাটকিনসনের ফিফটিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৮ রান। 

২০৬ বলে ১৮ চারে ১৪৩ রানের ইনিংস খেলেছেন রুট। এটি তার ৩৩তম টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে অ্যালেস্টার কুকের পাশে বসেছেন তিনি।

আরেকটি জায়গায় তিনি ছাড়িয়ে গেছেন কুককে। ইংল্যান্ডের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রান এখন রুটের। দেশের মাটিতে কুকের রান ৬ হাজার ৫৬৮। রুটের এখন ৬ হাজার ৬৩০।

এছাড়া লর্ডসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে মাইকেল ভন ও গ্রাহাম গুচের পাশে বসেছেন রুট; তিন জনেরই ৬টি করে। 

পেসার অ্যাটকিনসন আট নম্বরে নেমে অপরাজিত আছেন ৮১ বলে ক্যারিয়ার সেরা ৭৪ রান করে। যেখানে ৫টি চারের পাশে ছক্কা আছে ৪টি। আগের চার টেস্টের পাঁচ ইনিংসে ব্যাট হাতে তার সর্বোচ্চ ছিল অপরাজিত ২১।

সপ্তম উইকেট জুটিতে রুট ও অ্যাটকিনসন যোগ করেন ৯২ রান।

পিচে বোলারদের জন্য নেই তেমন একটা সহায়তা। দিনের সময় যত গড়িয়েছে, ব্যাটিংয়ের জন্য তত ভালো হয়ে উঠেছে উইকেট।

টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভার বোলিং নেওয়ার সিদ্ধান্তই অবাক করে দেয় অনেককে। শুরুটা অবশ্য ভালোই হয় তাদের। ৮২ রানের মধ্যে ফিরিয়ে দেয় ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। যদিও তিন জনই ছুড়ে আসেন উইকেট।

শুরুটা ড্যান লরেন্সকে দিয়ে। লাহিরু কুমারার অফ স্টাম্পের বাইরের বলে আলগা শটে কিপারের হাতে ধরা পড়েন তিনি। বেন স্টোকসের চোটে এই সিরিজে অধিনায়কত্ব পাওয়া অলি পোপ টানা তৃতীয় ইনিংসে দুই অঙ্কে যেতে ব্যর্থ হন। আসিথা ফার্নান্দোর শর্ট বল পুল করে ক্যাচ তুলে দেন তিনি। 

বাঁহাতি স্পিনার প্রাবাথ জায়াসুরিয়াকে রিভার্স সুইপ করে বাউন্ডারিতে ধরা পড়েন বেন ডাকেট। ৪৭ বলে ৪০ রান করেন তিনি।

এরপর চল্লিশোর্ধ জুটি হয় দুটি। তবে হ্যারি ব্রুক ও জেমি স্মিথ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। আসিথার বলে এলবিডব্লিউ হন ব্রুক, মিলান রাত্নায়েকের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন স্মিথ।

ক্রিস ওকস বেশিক্ষণ টিকতে পারেননি। তখন ২১৬ রানে ৬ উইকেট নেই ইংল্যান্ডের। রুট ততক্ষণে চলে গেছেন সেঞ্চুরির দুয়ারে। ৯৯ রানে দাঁড়িয়ে ১২ বলে অবশ্য রান নিতে পারেননি তিনি। অবশেষে কুমারাকে চার মেরে পূর্ণ করেন সেঞ্চুরি।

রুটের দারুণ ইনিংস থামে রাত্নায়েকেকে রিভার্স-র‍্যাম্প খেলার চেষ্টায় ক্যাচ দিয়ে। একটু পরই অ্যাটকিনসন প্রথম ফিফটি তুলে নেন ৬১ বলে। ম্যাথু পটসকে সঙ্গে নিয়ে দিন শেষ করেন তিনি। অষ্টম উইকেটে ৫০ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন দুজন। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩৫৮/৭ (ডাকেট ৪০, লরেন্স ৯, পোপ ১, রুট ১৪৩, ব্রুক ৩৩, স্মিথ ২১, ওকস ৬, অ্যাটকিনসন ৭৪*, পটস ২০*; আসিথা ১৯-১-৮৪-২, রাত্নায়েকে ২১-২-৮০-২, কুমারা ২০-২-৭৫-২, জায়াসুরিয়া ২০-২-৮১-১, কামিন্দু ৩-০-২৭-০)