Published : 12 Feb 2025, 01:20 AM
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল ভারত। পিঠের নিচের অংশের চোটে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন দলটির বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ। এই ফাস্ট বোলারের বদলি হিসেবে ডাক পেলেন হার্শিত রানা।
এছাড়া ব্যাটসম্যান ইয়াশাসভি জয়সওয়ালের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ৩৩ বছর বয়সী স্পিনার ভারুন চক্রবর্তিকে।
অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্টে পিঠে ব্যথার কারণে মাঠ ছেড়ে যান বুমরাহ। তারপর থেকে আর কোনো ম্যাচ তিনি খেলেননি। ফিটনেস নিয়ে সংশয় থাকলেও তাকে রাখা হয় গত মাসে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের প্রাথমিক দলে।
প্রাথমিকভাবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ দিয়ে তার ফিটনেস যাচাই করার কথা ছিল। কিন্তু ছিটকে যান তিনি এই ম্যাচ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচগুলোয় তাকে পাবে না ভারত। টুর্নামেন্টের পরের দিকে যদি তাকে পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে স্কোয়াডে রাখা হতে পারে বলেও শোনা যাচ্ছিল।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানায়, পুরো টুর্নামেন্টেই পাওয়া যাবে না ৩১ বছর বয়সী ফাস্ট বোলারকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আট দলের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিনও ছিল মঙ্গলবার। পরবর্তী সময়ে দলে পরিবর্তন আনতে হলে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে বুমরাহর পিঠে সবশেষ করানো স্ক্যানে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে এখনও বোলিংয়ে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নন তিনি। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের মেডিকেল টিম তার অগ্রগতি পর্যবেক্ষণ করবে। তার বোলিংয়ে ফেরার কোনো সময় এখনও নির্ধারণ করা হয়নি। হয়তো কয়েক সপ্তাহের মধ্যে তিনি রানিং এবং এরপর ধীরে ধীরে বোলিং শুরু করবেন।
চোটের কারণে এই নিয়ে দ্বিতীয় আইসিসি টুর্নামেন্টে খেলতে পারবেন না বুমরাহ। পিঠের চোটেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলতে পারেননি। সেবার অস্ত্রোপচার করাতে বাধ্য হয়েছিলেন তিনি। মাঠের বাইরে থাকতে হয়েছিল প্রায় ১১ মাস।
বুমরাহর ব্যাকআপ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে রাখা হয় হার্শিতকে। প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তার। প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া তরুণ পেসার এবার জায়গা পেয়ে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় জয়সওয়ালেরও। তবে আউট হয়ে যান তিনি ১৫ রান করেই। হাঁটুর চোট কাটিয়ে ভিরাট কোহলি দ্বিতীয় ম্যাচে ফেরায় একাদশে জায়গা হারান জয়সওয়াল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হারালেন তরুণ ওপেনার।
মোহাম্মদ সিরাজ ও শিভাম দুবের সঙ্গে ‘নন-ট্রাভেলিং বিকল্প’ হিসেবে অবশ্য রাখা হয়েছে জয়সওয়ালকে। দলের যখন প্রয়োজন হবে, তখন দুবাই যাবেন তারা।
জয়সওয়ালের জায়গায় দলে আসা ভারুনের ওয়ানডে অভিষেক হয় ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে। গত বছর টি-টোয়েন্টি দলে ফেরার পর থেকে দারুণ বোলিং করে চলা স্পিনার ওয়ানডে অভিষেকে একটি উইকেট নেন ৫৪ রানে। ভারতের ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফির গত দুই আসরে যথাক্রমে ১৯ ও ১৮ উইকেট শিকার করেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বুমরাহর ছিটকে পড়া বাংলাদেশের জন্য অবশ্য স্বস্তির খবর। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের অভিযান।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দল: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, ওয়াশিংটন সুন্দার, হার্শিত রানা, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং, ভারুন চক্রবর্তি।