২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে পরিকল্পনায় বাংলাদেশকে ধসিয়ে দিলেন একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা পেসার

অস্ট্রেলিয়ার তরুণ ও আনকোরা পেসার ক্যাম্পবেল থমসন ৮ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 11:31 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

বিশ্ব ক্রিকেটে তো বটেই, অস্ট্রেলিয়ান ক্রিকেটেও খুব পরিচিত নন ক্যাম্পবেল থমসন। গত ফেব্রুয়ারিতে তার শেফিল্ড শিল্ড অভিষেক হয়েছে। সেটিই তার একমাত্র প্রথম শ্রেণির ম্যাচে। ওই মাসেই ওয়ানডে কাপে খেলেছেন দুটি ম্যাচ। ব্যস, স্বীকৃত ক্রিকেটে অভিজ্ঞতা এটুকুই। আনকোরা সেই পেসারই গুঁড়িয়ে দিলেন বাংলাদেশের ব্যাটিং!

ডারউইনে প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ২৫ রানে ৮ উইকেট শিকার করেছেন থমসন। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচটিতে বাংলাদেশ হেরে গেছে ইনিংস ব্যবধানে।

প্রথম ইনিংসেও টপ ও মিডল অর্ডার খুব ভালো করেনি। সাতে নেমে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ও শেষ জুটির প্রতিরোধ দলকে ভদ্রস্থ স্কোরে নিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে দাঁড়াতে পারেননি কেউ।

বাংলাদেশের ব্যাটসম্যানদের টেকনিকের চরম পরীক্ষা নিয়েছেন থমসন। কিছুটা সুইং ও মুভমেন্ট তিনি পেয়েছেন, স্টাম্প তাক করেছেন। ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি ভুগেছে তার স্কিড করা ডেলিভারিতে। একশর বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিম, ৭৮ টেস্টের অভিজ্ঞ মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেই হারিয়েছেন তরুণ পেসারের সামনে।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে সাড়ে পাঁচ মাস পর খেলতে নামা পেসার ম্যাচের পর শোনালেন নিজের বোলিং পরিকল্পনার কথা। এত উইকেট পাওয়ায় ২২ বছর বয়সী পেসার দেখছেন ভাগ্যের ছোঁয়াও। 

“আজ সকালে (বাংলাদেশকে) গুটিয়ে দিতে- আমরা পরিষ্কার একটি প্রক্রিয়া ছিল, স্রেফ নতুন বলটা কাজে লাগানো এবং স্টাম্প বরাবর বল করা- আমি যথেষ্ট সৌভাগ্যবান যে কিছু উইকেট পেয়ে গেছি।”

“প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে আমরা কিছুটা খাটো লেংথে বল করেছি। কাজেই (লেংথ) কিছুটা টেনে দেওয়া ও স্টাম্পে আঘাত করা এবং স্পষ্ট পরিকল্পনা বজায় রাখাই ছিল মূল লক্ষ্য। নিজেকে আমার নতুন বলের বোলারই মনে হয়। তাই চেষ্টা করেছি বল সুইং করিয়ে স্টাম্পে আঘাত জানতে এবং এবার আমি ভাগ্যবান ছিলাম।”