গুলশানকে জেতালেন রিতু-শামিমা
ঢাকা প্রিমিয়ার লিগে জয় দিয়ে আসর শেষ করল গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব, সপ্তম ম্যাচে প্রথম জয় পেল কলাবাগান ক্রীড়া চক্র।
বল হাতে রানের খাতা খুলতে না পারার হতাশা বোলিংয়ে পুষিয়ে দিলেন মিষ্টি রানি সাহা। কার্যকর অফ স্পিনে কলাবাগান ক্রীড়া চক্রের মাঝারি পুঁজিকে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের জন্য বড় করে তুললেন তিনি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন'স ক্রিকেট লিগে সোমবারের অন্য ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে হারিয়ে আসর শেষ করে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব। বল হাতে দলের জয়ের ভিত গড়ে দেন রিতু মনি, ব্যাট হাতে ফিফটি করেন শামিমা সুলতানা।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে বাংলাদেশ পুলিশকে ৪৩ রানে হারায় কলাবাগান। ১৭১ রানের লক্ষ্যে ১২৭ রানে গুটিয়ে যায় পুলিশ।
সাত ম্যাচে কলাবাগানের প্রথম জয় এটি। সবকটি ম্যাচ হেরে অবনমনের শঙ্কায় পুলিশ।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান পায় কলাবাগান। এরপর আর তেমন কোনো জুটি গড়ে ওঠেনি। সম্মিলিত অবদানে দেড়শ পেরোয় তারা।
দলের সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক দিশা বিশ্বাস। এছাড়া ফাতেমা তুজ জোহরার ব্যাট থেকে আসে ৩০ বলে ২৭ রান।
পুলিশের পক্ষে ১০ ওভারে ৪ মেডেনসহ ২৮ রানে ৩ উইকেট নেন নিদা রশিদ।
রান তাড়ায় মাত্র ১৪ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে পুলিশ। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ইনিংসে সর্বোচ্চ ২৮ রান আসে অতিরিক্ত থেকে। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন অপর্ণা দে।
অফ স্পিনে ৪ উইকেট নেন মিষ্টি। এছাড়া দিশা, মুমতাহেনা ও সুবর্না কর্মকারের ঝুলিতে জমা পড়ে ২টি করে উইকেট।
ইউ ল্যাব ক্রিকেট মাঠে আনসার ও ভিডিপিকে ৭ উইকেটে হারায় গুলশান। ৯৭ রানের লক্ষ্য ১৮.৩ ওভারে ছুঁয়ে ফেলে তারা।
আট ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল গুলশান। সাত ম্যাচে আনসারের জয় একটি।
টস হেরে ব্যাট করতে নেমে আনসারের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আয়সা আক্তার। আর কেউ ২০ ছুঁতে পারেননি।
রিতু মনি ও আনিসা আক্তার সুবা নেন ৩টি করে উইকেট।
আট ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেটের পাশাপাশি ১৬১ রান নিয়ে আসর শেষ করলেন অভিজ্ঞ অলরাউন্ডার রিতু।
ছোট লক্ষ্যে ৯ চারে ৪৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন শামিমা সুলতানা। শারমিন আক্তার ছোঁয়ার ব্যাট থেকে আসে ২৬ রান।
বল হাতে ৩ উইকেটের পর ব্যাটিংয়ে ১০ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রিতু।
