২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারী ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’, নেপালের বোর্ডের ক্ষমা প্রার্থনা

ইনিংসের প্রথম বলে ২ উইকেট পতনের বিরল দৃশ্য দেখা যায় নেপাল-ভুটান ম্যাচে!

নারী ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’, নেপালের বোর্ডের ক্ষমা প্রার্থনা
নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউটের সেই ঘটনা। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 01:50 AM

Updated : 11 Sep 2026, 03:20 PM

রান তাড়ায় ইনিংসের প্রথম বলে পরিষ্কার বোল্ড হয়েও যেন মাঠ ছাড়তে চাইছিলেন না ভুটানের নাওয়াং চোডেন। থেমে থেমে হাঁটছিলেন তিনি। বিরক্তি প্রকাশ করছিলেন নেপালের ফিল্ডাররা। একটু পর বোঝা গেল আসল কারণ। পরের ব্যাটার যে তখনও মাঠেই নামেননি!

খানিক পর ব্যাট, গ্লাভস আর হেলমেট দুই হাতে নিয়ে তড়িঘড়ি করে দৌড়ে মাঠে ঢুকলেন ব্যাটার রিতশি চোডেন। বোলিংয়ের জন্য ফিরে গেলেন বোলার। কিন্তু নেপালের কয়েকজন ফিল্ডার হাত তুললেন। দলটির ব্যাটার পুজা মাহাতো আম্পায়ারের সঙ্গে কথা বলতে ছুটে গেলেন। দুই আম্পায়ারের সঙ্গেই কথা বলে সতীর্থদের নিয়ে উদযাপন শুরু করে দিলেন তিনি। আম্পায়ার রিতশি চোডেনকে জানালেন, তিনি ‘টাইমড আউট’ হয়েছেন। কোনো প্রতিবাদ না করেই হাঁটা দিলেন এই ব্যাটার।

ঘটনাটি বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইমেন’স প্রিমিয়ার কাপে নেপাল ও ভুটানের ম্যাচের। আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইমড আউট’ হওয়া প্রথম নারী ক্রিকেটার ভুটানের রিতশি চোডেন। তার ক্রিজে আসতে ৯০ সেকেন্ডের বেশি সময় লেগেছিল। নেপালের ফিল্ডারদের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়ার।

১১৪ রানের লক্ষ্য তাড়ায় ০.১ ওভারে ভুটানের স্কোর তখন ২ উইকেটে শূন্য! 

তবে ওই আউটের ঘটনায় ‘ভুটান ক্রিকেট, সংশ্লিষ্ট খেলোয়াড় ও সকল সংশ্লিষ্ট অংশীদারের’ কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। সংস্থাটি বলেছে, আউটটি আইন মেনে হলেও, তারা যে ‘মূল্যবোধ ও ক্রিকেটের চেতনাকে সমুন্নত রাখতে চায়, এখানে তার প্রতিফলন ঘটেনি।’

“ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের পক্ষ থেকে, এই ঘটনায় আমাদের জাতীয় নারী দলের কর্মকাণ্ডের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যদিও আউটটি ক্রিকেটের আইন মেনেই করা হয়েছিল, আমরা স্বীকার করি যে খেলার স্পিরিট লিখিত আইনের ঊর্ধ্বে এবং তা সবসময় আমাদের আচরণের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত।”

ম্যাচটি নেপাল জিতে নেয় ৫১ রানে। ২০ ওভারে ভুটান করতে পারে ৮ উইকেটে ৬২।

পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ‘টাইমড আউটের’ তৃতীয় ঘটনা এটি। এভাবে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামার পর তার হেলমেটের স্ট্র্যাপ ছিড়ে যাওয়ায় তিনি নতুন হেলমেট নেওয়ার জন্য ইশারা করেন ড্রেসিং রুমের দিকে। এই পরিক্রমায় পেরিয়ে যায় অনেকটা সময়। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে ম্যাথিউসকে আউট দেন আম্পায়ার।

একই বছর সিয়েরা লিওনের বিপক্ষে টি-টোয়েন্টিতে এভাবে আউট হন ঘানার ব্যাটসম্যান গডফ্রেড বাকিওয়েম।