১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক বছরেই এক নম্বরে ভারতীয় স্পিনার

দুর্দান্ত পারফরম্যান্সের পথ ধরে দ্রুতই আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেলেন ২১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

এক বছরেই এক নম্বরে ভারতীয় স্পিনার
শ্রী চারানিকে অভিনন্দন জানাচ্ছেন স্মৃতি মান্ধানা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 09:23 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

টি-টোয়েন্টি অভিষেকের এক বছর হতে চলেছে মাত্র। এই সংস্করণে ম্যাচ খেলেছেন কেবল ২৩টি। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সের পথ ধরে শ্রী চারানি পৌঁছে গেলেন শীর্ষে। আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার এখন ২১ বছর বয়সী এই স্পিনার।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে দুর্দান্ত পারফর্ম করে আরেক বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের লিন্সি স্মিথকে টপকে প্রথমবার এক নম্বরে উঠেছেন চারানি।

এবারের বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন চারানি। এখনও পর্যন্ত তিনিই সর্বোচ্চ উইকেট শিকার।

গত ২৮ জুন ইংল্যান্ডেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল চারানির। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়েছিলেন ১২ রানে। সেই থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই সংস্করণে দলের ভরসা হয়ে ওঠেন দ্রুতই। এখনও পর্যন্ত ২৩ ম্যাচ খেলে ৩৮ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.৩২ রান দিয়ে।

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে তিন উইকেট নিয়ে স্মিথ এক থেকে নেমে গেছেন তিনে। তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দুইয়ে উঠেছেন তার সতীর্থ অফ স্পিনার শার্লি ডিন।

ইংল্যান্ডের আরেক স্পিনার সাবেক এক নম্বর সোফি এক্লেস্টোন চার ধাপ এগিয়ে উঠেছেন চারে, দুই ধাপ এগিয়ে পাঁচে পাকিস্তানের সাদিয়া ইকবাল।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বোলার লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে উঠেছেন ১৮ নম্বরে।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল। গত শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন অস্ট্রেলিয়ারই বেথ মুনি। বিশ্বকাপের তিন ম্যাচে ফিফটি না করে দুই থেকে তিনে নেমেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভুলভার্ট।

চার ধাপ এগিয়ে তিনে উঠেছেন আয়ারল্যান্ডের অর্লা প্রেন্ডারগাস্ট। 

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা নিগার সুলতানা তিন ধাপ এগিয়ে উঠেছেন ২০ নম্বরে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। এই তালিকায় বাংলাদেশের সেরা স্বর্ণা আক্তার দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৮ নম্বরে।