২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের ঝড় থেকেই ইতিবাচকতার হাওয়া দেখছেন প্রধান নির্বাচক

‘লিটনের আউটবার্স্ট থেকেই ব্যাপারটি সর্ট আউটের পথে যেতে পারে’, বলছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 07:15 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

লিটন কুমার দাসের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর থেকেই ক্রমাগত বেজেছে গাজী আশরাফ হোসেনের ফোন। সংবাদকর্মীদের নানাজনকে ব্যাখ্যা দিয়েছেন। সেগুলো কিছু জায়গায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও আক্ষেপ আছে প্রধান নির্বাচকের। একটি ভিডিও বার্তাও রেকর্ড করা হয়েছে, যেটি সংবাদমাধ্যমের জন্য আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে বিসিবির পক্ষ থেকে।

এসবের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় প্রধান নির্বাচকের দাবি, দল গঠন নিয়ে লিটনের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। তবে অধিনায়কের চাওয়া তারা রাখতে পারেনি, সেটিও তুলে ধরছেন। লিটনের এই বিস্ফোরণকেও ইতিবাচক হিসেবে দেখে তিনি বলছেন, এখান থেকেই বেরিয়ে আসবে সমাধান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে একরকম বোমাই ফাটান লিটন। শামীম হোসেনকে বাদ দেওয়া ও সেই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক কাঠগড়ায় তোলেন নির্বাকদের। তার দাবি, দল নিয়ে তার সঙ্গে আলোচনা করা হয়নি, এটি পুরোপুরিই নির্বাচকদের সিদ্ধান্ত, কোচও এই ব্যাপারে কিছু জানেন না। শামীমের কাছে ‘সরি’ বলা ছাড়া আর কোনো কিছু বলার নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও তার দাবি, বোর্ড থেকেও বলা হয়েছে, যে দল তাকে দেওয়া হবে, সেটি নিয়েই মাঠে লড়তে হবে।

তবে লিটনের সঙ্গে আলোচনা হয়নি, এই দাবি উড়িয়ে দিলেন গাজী আশরাফ। লিটনের অনুরোধ রাখা হয়নি, সেটি অবশ্য তিনি নিজেই বললেন।

“মিরপুর টেস্টের চতুর্থ দিনে লিটনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সে চেয়েছিল শামীমকে দলে রাখতে। আমরা কিছু পরিসংখ্যান ও বাস্তবতা তুলে ধরেছি। তার মতামত আমরা নিয়েছি। আমাদের ভাবনাও তুলে ধরেছি।”

“মতামত নেওয়া হলেই যে সব শুনতে হবে, তা তো নয়। আমাদেরও তো কিছু পরিকল্পনা থাকে। এখন সেই দায় আমরা নিচ্ছি, শামীমকে আমরাই বাদ দিয়েছি। তবে এই দলটা তো কেবল দুই ম্যাচের জন্য। সিরিজ জিতে গেলে তৃতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। সবকিছুই তো শেষ হয়ে যায়নি।”

লিটনের চাওয়া রাখা হয়নি বলেই তিনি এমন চটে গেছেন কি না জানতে চাইলে প্রধান নির্বাচক বললেন, “আমরা তো তাকে নিশ্চয়তা দেইনি বা কথা দেইনি যে শামীমকে রাখা হবে!”

শামীমকে বাদ দেওয়ার পেছনের কারণও ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক।

“আমাদের মনে হয়েছে, একটা ক্রিটিক্যাল থিংকিংয়ের জায়গা থাকা উচিত। সে কতটা প্রভাব রাখতে পারছে, কেন উইকেট ধরে রাখতে পারছে না, কেন কার্যকর হতে পারছে না, এই ব্যাপারগুলো তো তাকে চিন্তা করতে হবে। আমরা চেয়েছি, সে চিন্তাটা করুক। সে আরও কেয়ারফুল হোক, নিজের প্রতি আরও যত্নশীল হোক।”

শামীম বাদ পড়ায় মিডল অর্ডারে বাঁহাতি আর কোনো ব্যাটসম্যানই নেই দলে। সবাই ডানহাতি ও খেলার ধরন প্রায় একইরকম। এটা নিয়েও ক্ষোভ জানিয়েছেন লিটন।

প্রধান নির্বাচকের মতে, বাঁহাতি বা ডানহাতির চেয়ে রান করাটা গুরুত্বপূর্ণ।

“রান যদি না করে, বাঁহাতি দিয়ে কী হবে! টিকে থাকতে তো হবে… এটাই ওকে বুঝতে হবে। তাছাড়া আমাদের দুজন বাঁহাতি ওপেনার আছে, একজন যদি লম্বা ইনিংস খেলতে পারে, ডিপে টেনে নিতে পারে, তাহলে মাঝের ওভারে বাঁহাতির ঘাটতিটা পুষিয়ে যায়। সাইফ উদ্দিনকেও ফেরানো হয়েছে, সে সাতে খেলতে পারে। বাঁহাতি তাই বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়।”

পর্দার আড়ালের বাস্তবতা যেটাই হোক, লিটনের এই ক্ষোভের বিস্ফোরণে ফুটে উঠেছে সম্পর্কের টানাপোড়েন, যোগাযোগের ঘাটতি, বিশ্বাস ও পেশাদারিত্বের অভাব এবং আরও অনেক কিছুই। সিরিজ শুরুর আগের দিন এমন ঘটনায় ক্রিকেটই আড়ালে চাপা পড়েছে। বিশ্বকাপের আগে শেষ সিরিজে এসব বিতর্কে দলের আবহও এখন টালমাটাল হওয়ার কথা।

প্রধান নির্বাচক অবশ্য ইতিবাচক ছবিই আঁকার চেষ্টা করছেন। সবার দায়িত্বও তিনি মনে করিয়ে দিলেন।

“লিটন যে আউটবার্স্ট করেছে… এখান থেকে ব্যাপারটি সর্ট আউট হওয়ার একটা পথ খুলতে হবে। আউটবার্স্ট করা মানেই সবসময় খুব ভয়ঙ্কর কিছু নয়। এখান থেকে ব্যাপারটি সমাধানের পথ বের হতে পারে। সেটা আমরা নিজেদের মতো করেই করব।”

“আমার মনে হয়, সবার উচিত এখন মাঠের ক্রিকেটে ফোকাস করা। একটা সিরিজ শুরু হচ্ছে, সামনে বিশ্বকাপ আছে, ক্রিকেট সংশ্লিষ্ট আমরা সবাই, মিডিয়াসহ সবারই উচিত এসব কথার লড়াই, টানাপোড়েন, বিতর্ক সব পাশে সরিয়ে মাঠের ক্রিকেটে মনোযোগ দেওয়া।”