২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং পরামর্শক হয়ে লঙ্কান ক্রিকেটে সাবেক ইংলিশ ক্রিকেটার

লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে এক মাস কাজ করবেন প্রথম শ্রেণিতে প্রায় ১২ হাজার রান করা টিম বুম।

ব্যাটিং পরামর্শক হয়ে লঙ্কান ক্রিকেটে সাবেক ইংলিশ ক্রিকেটার
টিম বুন। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 08:48 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

ফিল্ডিংয়ের পর এবার ব্যাটিং বিভাগের দিকে নজর দিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিং পরামর্শক হিসেবে এক মাসের জন্য লেস্টারশায়ার ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ টিম বুনকে নিয়োগ দিয়েছে তারা।

এরই মধ্যে কাজ শুরু করেছেন ৬৩ বছর বয়সী সাবেক ইংলিশ ব্যাটসম্যান। প্রথম শ্রেণিতে প্রায় ১২ হাজার রান ও লিস্ট ‘এ’ তে সাড়ে তিন হাজারের বেশি রান করা সাবেক এই ক্রিকেটারের সঙ্গে চুক্তি শুরু গত ৮ মে থেকে।

২০০৫ সালে অ্যাশেজ জয়ী ইংল্যান্ডের দলের অ্যানালিস্ট বুন শ্রীলঙ্কার জাতীয় নারী দল ও ‘এ’ দল, পুরুষদের ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে কাজ করবেন।

লঙ্কান বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, বুনের এই প্রোগ্রামে থাকবে ‘টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সেশন, যেখানে ক্রিকেটারদের সামগ্রিক ব্যাটিং ও ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতিতে নজর দেওয়া হবে।’

এর আগে ফিল্ডিং নিয়ে ১০ দিনের একটি প্রোগ্রামের আয়োজন করেছিল এসএলসি। সেখানে নারী ও পুরুষ ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন ভারতের সাবেক ফিল্ডিং কোচ আর শ্রিধার।

বিদেশি কোচদের স্বল্প-মেয়াদী চুক্তিতে নিয়োগের এটি এসএলসির একটি ধারাবাহিক প্রক্রিয়া। ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হাই পারফরম্যান্স পরিচালক জুবিন ভারুচা লঙ্কান ক্রিকেটে ব্যাটিংয়ের মান উন্নতির জন্য একটি সংক্ষিপ্ত প্রোগ্রাম পরিচালনা করেছিলেন।

গত ১০ বছরে ওয়াসিম আকরাম এবং জন্টি রোডসকেও যথাক্রমে অল্প সময়ের জন্য বোলিং এবং ফিল্ডিং প্রোগ্রাম পরিচালনার জন্য নিয়োগ দিয়েছিল শ্রীলঙ্কা।

আগামী জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা পুরুষ জাতীয় দল।