পন্টিংয়ের পর মুশফিক
শততম টেস্টে দুই ইনিংসেই পঞ্চাশ ছোঁয়ার কীর্তি কেবল এই দুজনের, পন্টিং দুই ইনিংসেই করেছিলেন শতরান।
শততম টেস্টের দুই ইনিংসেই রিকি পন্টিংয়ের মতো শতরান করা হলো না মুশফিকুর রহিমের। তবে একটি জায়গায় অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ড ঠিকই মনে করিয়ে দিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। শততম টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি ও আরেক ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার কীর্তি কেবল এই দুজনেরই।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে শনিবার দ্বিতীয় সেশনে ফিফটি করেন মুশফিক। অপর প্রান্তে মুমিনুল হক ৮৭ রানে আউট হওয়ার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিক তখন অপরাজিত ৫৩ রানে।
প্রথম ইনিংসে তিনি আউট হয়েছিলেন ১০৬ রান করে।
পন্টিং ইতিহাসে নাম লেখান ২০০৬ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩ রান করেন সেই সময়ের অস্ট্রেলিয়া অধিনায়ক।
শততম টেস্টে দুই ইনিংসে শতরান নেই আর কারও।
পন্টিং ছাড়া এক ইনিংসে শতরান ও আরেক ইনিংসে ফিফটির কাছাকাছি যেতে পেরেছিলেন মুশফিকের আগে কেবল জো রুট। ২০২১ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৮ রান করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান। শততম টেস্টে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হন ৪০ রানে।
দুই ইনিংস মিলিয়ে পন্টিংয়ের ২৬৩ রানও শততম টেস্টে রেকর্ড। ২৫৮ রান করে দুইয়ে রুট। পাকিস্তানের ইনজামাম-উল-হাক শততম টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ২১৫। ২০০৫ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত ৩১।
