রেকর্ডের রাজপুত্র রাশিদ খান এখন টি-টোয়েন্টির চূড়ায়
ডোয়াইন ব্রাভো যখন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েন, রাশিদ খান তখন শীর্ষ পাঁচশ বোলারের মধ্যেও ছিলেন না, মাত্র আট বছর পর সেই রাশিদই পেরিয়ে গেলেন ব্রাভোর রেকর্ড।
অনেক দিন আগে থেকেই যা ছিল অবধারিত, সেই দিনটি অবশেষে এলো। টি-টোয়েন্টি ক্রিকেটে রাশিদ খানের শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো সবচেয়ে আকর্ষণীয় পালক। ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন আফগানিস্তানের লেগ স্পিন তারকার।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার নতুন উচ্চতায় পা রাখেন রাশিদ। এমআই কেপ টাউনের হয়ে পার্ল রয়্যালসের শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ওয়েলালাগেকে বোল্ড করে ব্রাভোকে পেরিয়ে যান তিনি।
পরে ম্যাচের শেষ দিকে দিনেশ কার্তিকের উইকেটও নেন রাশিদ। ২০ ওভারের স্বীকৃত ক্রিকেটে তার উইকেট এখন ৬৩৩টি। ব্রাভো গত সেপ্টেম্বরে অবসরে গেছেন ৬৩১ উইকেট নিয়ে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৪৬ ইনিংস বোলিং করেছিলেন ব্রাভো। তাকে ছাড়িয়ে যেগে রাশিদের লাগল কেবল ৪৫৭ ইনিংস।
ক্রিকেটে বা যে কোনো ক্রীড়ায় কেউ সফলতম মানেই সে সবসময় সেরা নন। রাশিদ খান সেই বিরল ক্রীড়াবিদদের একজন, যিনি দুটিতে এক বিন্দুতে মেলাতে পারলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলার হিসেবে তিনি ক্রিকেট বিশ্বজুড়ে স্বীকৃত বেশ কয়েক বছর ধরেই। সাম্প্রতিক সময়ে চোটের থাবায় তাকে ভুগতে হয়েছে কিছুটা। তবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি সবচেয়ে কাঙ্ক্ষিত ক্রিকেটারদের একজন। সেই সেরা বোলার এখন এই সংস্করণের সফলতম বোলারও।
রাশিদ যে গতিতে ও যতটা ধারাবাহিকতায় ছুটেছেন গত আট বছরে, তাতে মোটামুটি নিশ্চিতই ছিল, রেকর্ডটি একদিন তার হবে। বছরে পর বছর ধরে তার পারফরম্যান্সের কারণে রেকর্ডটি এখন খুব স্বাভাবিকই মনে হচ্ছে। তবে স্বাভাবিক ক্রিকেটীয় বাস্তবতায় তার এই ছুটে চলাকে বলা যায় অবিশ্বাস্য।
টি-টোয়েন্টিতে রাশিদের অভিষেকের ১০ বছরও হয়নি এখনও। ২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়েই ২০ ওভারের ক্রিকেটে তার অভিষেক। এই সংস্করণে সর্বোচ্চ উইকেটের রেকর্ড তখন লাসিথ মালিঙ্গার।
২০১৬ সালের এপ্রিলে লঙ্কান পেস গ্রেটকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েন ব্রাভো। রাশিদের তখন ১৪ ম্যাচে উইকেট স্রেফ ১৯টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তখনও তার পা পড়েনি।
ব্রাভো টানা শীর্ষে ছিলেন তখন থেকেই। প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের কীর্তি গড়েন তিনি। পরে ৪০০, ৫০০ হয়ে ৬০০ পেরিয়ে যান একসময়। আট বছর ১০ মাস পর সিংহাসনটি হারালেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
ব্রাভো ২০১৬ সাল শেষ করেন ৩৬৭ উইকেট নিয়ে। ৩৮ উইকেট নিয়ে রাশিদের অবস্থান তখন বোলারদের তালিকায় ৫০৪তম!
২০১৬ সালের নভেম্বরে বিপিএল দিয়ে প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ পান রাশিদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ওই আসরে ওভারপ্রতি মাত্র ৬.০৬ রান দিয়ে উইকেট শিকার করেন তিনি ১৩টি।
তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় মূলত ২০১৭ সাল থেকে। সেবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পান তিনি। বাজিমাত করেন প্রথমবারেই। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৭ উইকেট শিকার করেন ওভারপ্রতি ৬.৬২ রান দিয়ে।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ওই বছরই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বিগ ব্যাশে অংশ নেন। এরপর তার সীমানা কেবল বড় হতেই থাকে। তার স্পিন জালে উইকেট ধরা দিতে থাকে ঝাঁকে ঝাঁকে। দ্রুতই তিনি হয়ে ওঠেন আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও বিশ্ব আঙিনায় আফগান ক্রিকেটের বিজ্ঞাপন।
২০১৭ সালের শুরুতে যিনি ছিলেন শীর্ষ পাঁচশর বাইরে, সেই তিনি ২০১৯ সালের শেষ নাগাদ উইকেট শিকারির তালিকায় উঠে আসেন শীর্ষ এগারোয়। ২০২২ সালে তিনি জায়গা করে নেন দুইয়ে, সামনে তখন কেবল ব্রাভো। সেই দূরত্বও তিনি ঘুচিয়ে দিলেন প্রত্যাশার পথ ধরেই।
চূড়ায় ওঠার এই পথে টি-টোয়েন্টি ক্রিকেটে কত রেকর্ড যে পায়ে মাড়িয়ে এগিয়েছেন রাশিদ! ২০১৭ থেকে ২০২৪, টানা এই আট বছর অন্তত ৫০ উইকেট ভরেছেন তিনি ঝুলিতে। আর কোনো বোলারের এই কৃতিত্ব নেই পাঁচবারের বেশি। টানা ৫০ উইকেটের হিসাব করলে তো তিন বছরের বেশি পারেননি কেউ।
২০১৮ সালে ৬১ ম্যাচ খেলে ৯৬ উইকেটের অভাবনীয় কীর্তি গড়েন রাশিদ। এক পঞ্জিকাবর্ষে যা রেকর্ড। এছাড়াও ২০২২ সালে তার শিকার ছিল ৮১ উইকেট, ২০১৭ সালে ৮০টি।
কে পঞ্জিকাবর্ষে ৮০ উইকেট শিকারের কীর্তি আছে আর কেবল ব্রাভোর। তিনিও সেটি করতে পেরেছিলেন মোটে একবার, ২০১৬ সালে ৮৭ উইকেট ছিল তার।
মানদণ্ড আরেকটু কমিয়ে এক পঞ্জিকাবর্ষে ৭৫ উইকেট ধরলে রাশিদ এটা করেছেন চারবার। আর কোনো বোলার পারেননি একাধিক বছরে।
ম্যাচের যে সময়টায় উইকেট পাওয়া সাধারণত একটু কঠিন, সেই মাঝের ওভারগুলোতেই সবচেয়ে সফল রাশিদ। ৭ থেকে ১৬ ওভারের মধ্যে তার উইকেট ৪৩৫টি। এটিও একটি রেকর্ড। দুইয়ে থাকা ইমরান তাহির আছেন অনেক পেছনে (৩৫৫)।
দারুণ সফল তিনি ‘ডেথ’ ওভারগুলোতেও। ১৭ থেকে ২০ ওভারের মধ্যে তার উইকেটে ১২৩টি, এখানে তিনি দ্বিতীয় সর্বোচ্চ।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিক (৪টি), সবচেয়ে বেশি ব্যাটসম্যানকে বোল্ড (২০৮) ও এলবিডব্লিউ (১৩৬) করার রেকর্ড তার। ম্যাচে চার বা এর বেশি উইকেট নিয়েছন ২০ বার। এখানেও তিনি সবার ওপরে। আরও কত যে রেকর্ড তার আছে, সব হিসাব রাখাও কঠিন।
বিশ্বের সব লিগে, সব কন্ডিশন, সব ধরনের উইকেটে ও সব পরিস্থিতিতেই সাফল্য পেয়েছেন রাশিদ। বিশ্বের প্রধান ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল তিনি এখনও পর্যন্ত শিকার করেছেন ১৪৯ উইকেট, তার অভিষেকের পর থেকে যা সর্বোচ্চ। পুরোপুরি ভিন্ন কন্ডিশন ও উইকেট যেখানে, সেই বিগ ব্যাশেও দারুণ সফল তিনি। গত দুই মৌসুমে এই টুর্নামেন্টে না খেলেও বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯৮ উইকেট তারই।
এসবের বাইরে যত আঁটসাঁট বোলিং করেন তিনি, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যানদেরও যেভাবে আটকে রাখেন, গোটা ইনিংসে বা ম্যাচে সেসবের যে প্রভাব, সেগুলো তো আর পরিসংখ্যানে ধরা যাবে না!
তবে শুধু পরিসংখ্যানের দিক থেকেই তার নিজের লড়াই এখন নিজের সঙ্গেই। প্রতিনিয়ত নিজেরে রেকর্ড সমৃদ্ধ করার হাতছানি তার সামনে। বয়স তো সবে ২৬। বড় কোনো চোটাঘাত বাধা হয়ে না দাঁড়ালে টি-টোয়েন্টিতে হাজার উইকেট তো হবেই, কোথায় গিয়ে তিনি থামবেন, কে জানে!
