১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রিটোরিয়াসের বিধ্বংসী ৯৪, ফোরটানের ক্যারিয়ার সেরা বোলিং

জিম্বাবুয়েকে আবারও পাত্তা দিল না দক্ষিণ আফ্রিকা।

প্রিটোরিয়াসের বিধ্বংসী ৯৪, ফোরটানের ক্যারিয়ার সেরা বোলিং
৬ রানের জন্য প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি পাননি লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ছবি: ক্রিকেট নামিবিয়া

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 11:00 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

৫৭ রানে জীবন পেয়ে সেঞ্চুরির পথেই ছিলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। কিন্তু খুব কাছে গিয়ে আক্ষেপ নিয়ে ফিরতে হলো তরুণ ব্যাটসম্যানকে। তবে এই ওপেনারের ঝড়ো ইনিংসে যে সংগ্রহ পেল দক্ষিণ আফ্রিকা, তার ধারেকাছেও যেতে পারল না জিম্বাবুয়ে। দলটির বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেল প্রোটিয়ারা। 

নামিবিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জয় ৪৩ রানে। 

উইন্ডহুকে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ৭ উইকেটে ১৮৫ রান। আরও বড় হতে পারত তাদের সংগ্রহ। ১৫ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ১৪৮। কিন্তু শেষ পাঁচ ওভারে ৬ উইকেট হারিয়ে যোগ করতে পারে কেবল ৩৭ রান। 

১২ চার ও দুই ছক্কায় ৫১ বলে ৯৪ রানের ইনিংস খেলেন প্রিটোরিয়াস। ২০ বছর বয়সী এই ক্রিকেটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস এটি। 

আরেক ওপেনার জর্ডান হেরমান করেন ২৫ বলে ২৮ রান। প্রথম দুই ম্যাচেই ৭৫ করে রান করা ডেওয়াল্ড ব্রেভিস এবার ২৭ বলে করেন ৪১। দলের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।

লক্ষ্য তাড়ায় ৬৬ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজার (৩৩ বলে ৪৫) ব্যাটে ১০০ ছাড়াতে পারে তারা। ১৪ বল বাকি থাকতে অলআউট হয় তারা ১৪২ রানে।

১০ নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন নিউম্যান নিয়ামুরি।

২৪ রানে ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক বিয়ন ফোরটান। বাঁহাতি এই স্পিনারের টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং এটি।

মূল অধিনায়কসহ নিয়মিত ক্রিকেটারদের অনেককে বিশ্রাম দিয়ে এই সফরে যাওয়া দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে হেরেছিল নামিবিয়ার বিপক্ষে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের দুটিই জিতল তারা।