২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটারসহ বেশ কয়েকজন মারা যাওয়ার প্রতিবাদে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় আফগানিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 10:41 AM

Updated : 26 Aug 2026, 02:30 PM

আফগানিস্তান সরে যাওয়ার পর নতুন দল খুঁজে নিতে খুব বেশি সময় নিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মাসের ত্রিদেশীয় সিরিজে আফগানদের বদলে খেলবে জিম্বাবুয়ে।

পাকিস্তানের হামলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ বেশ কজন বেসামরিক লোক নিহত হওয়ার পর ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। উর্গুন জেলায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানায় আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। তাদের মধ্যে আছেন তিনজন স্থানীয় ক্রিকেটার, যারা পাক্তিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।

শহীদদের প্রতি সম্মান জানাতে পাকিস্তানের ওই টুর্নামেন্টে আফগানরা খেলবে না বলে জানায় বোর্ড। অধিনায়ক রাশিদ খান স্বাগত জানান বোর্ডের সেই সিদ্ধান্তকে। মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, ফাজালহাক ফারুকিসহ ক্রিকেটারদের অনেকেই কড়া প্রতিক্রিয়া জানান পাকিস্তানকে নিয়ে। উঠতি ক্রিকেটারদের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতীয় বোর্ড এবং আইসিসিও।

পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি আফগানিস্তানের সরে দাঁড়ানো নিয়ে। তারা শুধু বিবৃতিতে জানায়, তাদেরকে জানানো হয়েছে যে আফগানিস্তান খেলতে পারবে না। তবে ত্রিদেশীয় সিরিজ সূচি অনুযায়ীই এগোবে জিম্বাবুয়েকে নিয়ে।

আগামী ১৭ নভেম্বর পাকিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়েই রাওয়ালপিন্ডিতে শুরু হবে টুর্নামেন্ট। আসরের অন্য দল শ্রীলঙ্কা। প্রতি দল পরস্পরের সঙ্গে দুইবার করে খেলে ফাইনাল হবে ২৯ নভেম্বর।