দীপ্তি এখন চূড়ায় দীপ্তিময়
থাইল্যান্ডের বাঁহাতি স্পিনারকে ছাড়িয়ে নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি এখন ভারতীয় অফ স্পিনার।
মাঠে ছিলেন দুজনই। বোলিংও করেছেন দুজন। শীর্ষে থাকা টিপাচা পুটায়ং নিজের রেকর্ড আরেকটু সমৃদ্ধ করেছেন ম্যাচের প্রথম ভাগে। তবে পরের ভাগে তাকে স্বাক্ষী রেখেই তাকে ছাড়িয়ে সবার ওপরে উঠে গেছেন দীপ্তি শার্মা। থাইল্যান্ডের বাঁহাতি স্পিনারকে পেছনে ফেলে নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকার এখন ভারতের অফ স্পিনিং অলরাউন্ডার।
উইমেন’স এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে রোববার থাইল্যান্ড ও ভারতের লড়াইয়ে হাতবদল হয় এই রেকর্ডের।
১৬৯ উইকেট নিয়ে ম্যাচটি শুরু করেন পুটায়ং, ১৬৮ উইকেট নিয়ে দীপ্তি। দুবাইয়ে টস জিতে বোলিংয়ে নামা থাইল্যান্ডের হয়ে নতুন বল হাতে নেন অধিনায়ক পুটায়ং। চার ওভারে ৩৭ রান দিয়ে ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরের উইকেট নেন ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার।
পরে ভারতের বোলিং ইনিংসে দীপ্তি বল করেন স্রেফ ১.১ ওভার। এতেই তিন উইকেট আদায় করে নেন শূন্য রানে। থাইল্যান্ড গুটিয়ে যায় ৬৫ রানে।
দীপ্তির উইকেট এখন ১৭১টি, পুটায়ংয়ের ১৭০টি।
ম্যাচ অবশ্য অনেক বেশি খেলেছেন দীপ্তি। ১০৬ ইনিংস বোলিং করে ১৭০ উইকেট নিয়েছেন পুটায়ং। তাকে ছাড়িয়ে যেতে দিপ্তির বোলিং করতে হলো ১৪৭ ইনিংস। তবে সহযোগী দেশগুলোর বিপক্ষে প্রচুর উইকেট নেওয়ায় রেকর্ডে এগিয়ে গেছেন থাই স্পিনার। তাতে অবশ্য তার কৃতিত্ব কমছে না, তিনিও তো সহযোগী দেশেরই! বরং বয়স বিবেচনায়, দীপ্তিকে ছাড়িয়ে রেকর্ডটি আরও অনেক উঁচুতে নেওয়া সম্ভব তার পক্ষে।
তালিকার তিনেও আছেন সহযোগী দেশের এক বোলার। ১২৮ ইনিংস বোলিং করে ১৬৪ উইকেট নিয়েছেন রুয়ান্ডার হেনরিয়েটে ইশিমুয়ে। পেসারদের মধ্যে তিনিই সবার ওপরে।
১১২ ইনিংসে ১৫৪ উইকেট নিয়ে চারে আছে ইংলিশ বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন। ১৫৩ উইকেট নিয়ে পাঁচে যৌথভাবে আছেন হংকংয়ের বাঁহাতি রিস্ট স্পিনার ক্যারি চ্যান ও থাইল্যান্ডের অফ স্পিনার অনিচা কামচম্পু।
থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে দীপ্তির শূন্য রানে তিন উইকেটের ঘটনা মেয়েদের ক্রিকেটে বিরল কিছু নয়। বরং শূন্য রানে সাত উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড ২০২৪ সালে গড়েছেন ইন্দোনেশিয়ার রহমিলা রহমিলা।
এছাড়াও শূন্য রানে ছয় উইকেট নিয়েছেন নেপালের অঞ্জলি চাঁদ, শূন্য রানে ৫ উইকেট আছে তাঞ্জানিয়ার নাসরা সাইদির। শূন্য রানে চার উইকেট আছে তিন বোলারের। শূন্য রানে তিন উইকেটের নজির দিপ্তিকে নিয়ে হলো ২০টি!
এই ম্যাচে ভারত ব্যাটিংয়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও ১৫৯ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতেছে ৯৪ রানে।
