ওভালের কিউরেটরের সঙ্গে গাম্ভিরের তর্ক নিয়ে যা বললেন গিল
ভারতকে উইকেট দেখতে ‘বাধা’ দেওয়াটা একেবারে অপ্রয়োজনীয় ছিল বলে মনে করেন অধিনায়ক শুবমান গিল।
পঞ্চম টেস্টের ভেন্যু দা ওভালের কিউরেটর লি ফোর্টিসের সঙ্গে ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভিরের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে প্রশ্নের মুখোমুখি হতে হলো শুবমান গিলকে। তাদেরকে উইকেট দেখতে ‘বাধা’ দেওয়াটা একেবারে অপ্রয়োজনীয় ছিল বলে মনে করেন ভারত অধিনায়ক। তার মতে, কাছ থেকে উইকেট দেখার পূর্ণ অধিকার কোচের আছে।
ওভালে মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলনের সময় ফোর্টিসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গাম্ভির। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফোর্টিসের দিকে আঙুল তুলে গাম্ভির বলছিলেন, “আমরা কী করব, তা বলতে পারো না তুমি।” একই কথা তিনি বারবার বলতে থাকেন। একপর্যায়ে বলেন, “তুমি স্রেফ একজন গ্রাউন্ডসম্যান, তোমার জায়গায় থাকো।” পরে ফোর্টিসকে বলতে শোনা যায়, তিনি গাম্ভিরের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করবেন।
ওই সময় ফোর্টিসের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলা ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক পরে সংবাদ সম্মেলনে বলেন, গ্রাউন্ডস্টাফদের এক সদস্য তাদেরকে আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেছিল। এছাড়া মাঠে ‘আইস বক্স’ রাখার সময় ফোর্টিস নাকি চিৎকার করে ভারতের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেছিলেন। মূলত তার বলার ধরনে বিরক্ত ছিলেন গাম্ভির।
ঘটনার সময় গিল মাঠে ছিলেন না। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে নিজের অভিমত তুলে ধরলেন ভারত অধিনায়ক।
“গতকাল যা ঘটেছে, আমার মতে তা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। এটা প্রথমবার নয় যে, আমরা উইকেট দেখছি, আমরা প্রায় দুই মাস ধরে এখানে আছি। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার আছে এবং আমি মনে করি না এতে কোনো ভুল আছে। আমি ঠিক জানি না কেন কিউরেটর আমাদের উইকেট দেখার সুযোগ দেবেন না।”
গিল জানান, এই সিরিজে আগের চার টেস্টের ভেন্যু হেডিংলি, এজবাস্টন, লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডের কোথাও কাছ থেকে উইকেট দেখার জন্য তাদের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।
“যতদূর মনে আছে, আমরা কখনও কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখতে পারেন। এই সিরিজে এরই মধ্যে আমরা চারটি ম্যাচ খেলেছি এবং কেউ আমাদের পিচ দেখতে বাধা দেয়নি। আমরা সবাই অনেক ক্রিকেট ম্যাচ খেলেছি, কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। আমি জানি না, এখানে পরিস্থিতি এতটা উত্তপ্ত করার মতো কী আছে।”
লর্ডস টেস্ট থেকে সিরিজে বেশ কয়েকবারই ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গিল অবশ্য বললেন, দুই দলের মধ্যে ভালো সম্পর্কই আছে।
পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজ ড্র করতে হলে বৃহস্পতিবার শুরু ওভাল টেস্টে জয়ের বিকল্প নেই সফরকারীদের।
