Published : 10 Aug 2025, 08:21 PM
৭৫ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যাওয়া দলকে টেনে তুললেন টিম ডেভিড। বিস্ফোরক ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে এনে দিলেন লড়ার মতো সংগ্রহ। পরে বল হাতে আলো ছড়ালেন জশ হেইজেলউড, বেন ডোয়ার্শিসরা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
ডারউইনে ১৭ বছরে প্রথম আন্তর্জাতিক ম্যাচে দর্শকদের ১৭ রানের দারুণ এক জয় উপহার দিল অস্ট্রেলিয়া। ডেভিডের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে প্রথম টি-টোয়েন্টিতে ১৭৮ রানের পুঁজি গড়ে প্রোটিয়াদের তারা থামিয়ে দেয় ১৬১ রানে।
৮টি ছক্কা ও ৪টি চারে ৫২ বলে ৮৩ রানের খুনে ইনিংস খেলে ম্যাচের সেরা ডেভিড। ত্রিশ ছুঁতে পারেন আর কেবল ক্যামেরন গ্রিন; ৩টি ছক্কা ও ৪টি চারে ১৩ বলে ৩৫ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি।
পরে ৩টি করে উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুই পেসার হেইজেলউড ও ডোয়ার্শিস। দুটি প্রাপ্তি লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার।
ম্যাচের প্রথম দুই বলে ছক্কা ও চারে লুঙ্গি এনগিডিকে স্বাগত জানান মিচেল মার্শ। দারুণ সেই শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ৩০ রানে টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে টস হেরে ব্যাটিংয়ে নামা দলটি।
দলে ফেরা ট্রাভিস হেডকে দ্বিতীয় ওভারে বিদায় করেন কাগিসো রাবাদা। কয়েকবারের চেষ্টায় শর্ট থার্ডম্যানে ক্যাচ নেন কিউনা মাফাকা। জশ ইংলিসকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ দেন জর্জ লিন্ডা। মার্শকে টিকতে দেননি রাবাদা।
ক্রিজে গিয়ে পাল্টা আক্রমণ চালান গ্রিন ও ডেভিড। মুখোমুখি প্রথম চার বলে লিন্ডাকে দুটি চার ও একটি ছক্কা মারেন গ্রিন। মুখোমুখি দ্বিতীয় বলে রাবাদাকে ছক্কায় ওড়ান ডেভিড।
তাদের ব্যাটে ৫.২ ওভারে ৭০ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। দুই বল পর গ্রিনের তাণ্ডব থামান এনগিডি। পরের দুই ওভারে মিচেল ওয়েন ও গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়ে ফের বিপাকে পড়ে অস্ট্রেলিয়া।
অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলকে পথ দেখান ডেভিড। সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন তিনি। ২৯ বলে ফিফটি করতে ৫টি ছক্কা ও ৩টি চার হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান।
আরেক প্রান্তে ডেভিডকে সঙ্গ দেন ডোয়ার্শিস। তাকে ফিরিয়ে ৫৯ রানের জুটি ভাঙেন মাফাকা। পরের ওভারে ডেভিডের ক্যাচ ছাড়েন ট্রিস্টান স্টাবস। ৫৬ রানে জীবন পেয়ে পরের দুই বলে মুথুসামি বিশাল দুটি ছক্কা মারেন ডেভিড।
এনগিডিকে ছক্কার পর রাবাদাকে চার মারা ডেভিডের ঝড় থামে মাফাকার বলে লং-অনে ধরা পড়ে। ওই ওভারে অ্যাডাম জ্যাম্পাকে ফিরিয়ে দেশের হয়ে প্রথমবার টি-টোয়েন্টিতে চার উইকেটের স্বাদ পান তরুণ পেসার মাফাকা।
শেষ ওভারে কর্বিন বশকে একটি করে ছক্কা ও চার মারেন ন্যাথান এলিস। তাতে ১৮০ রানের কাছে যায় অস্ট্রেলিয়া।
রান তাড়ায় ইনিংসের প্রথম পাঁচ বলে হেইজেলউডকে তিনটি চার মেরে ঝড়ের আভাস দেন এইডেন মার্করাম। প্রতিশোধ নিতে দেরি করেননি হেইজেলউড, ওভারের শেষ বলে দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে বিদায় করে দেন তিনি।
পাওয়ার প্লে শেষ দুই ওভারে ম্যাক্সওয়েল ও ডোয়ার্শিসের শিকার হন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস। ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন রায়ান রিকেলটন ও স্টাবস। তাদের দারুণ ব্যাটিংয়ে লক্ষ্যের দিকে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৭২ রানের জুটি গড়েন দুইজন।
উইকেটের খোঁজে থাকা অস্ট্রেলিয়াকে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে জোড়া সাফল্য এনে দেন হেইজেলউড। ৫টি চারে ৩৭ রান করা স্টাবসকে কট বিহাইন্ড করার দুই বল পর লিন্ডাকে শূন্য রানে ফিরিয়ে দেন অভিজ্ঞ বোলার। পরের ওভারের শেষ দুই বলে জ্যাম্পার শিকার বশ ও মুথুসামি।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান রিকেলটন। ১ ছক্কা ও ৭টি চারে ৫৫ বলে ৭১ রান করে শেষ ওভারে ফেরেন এই ওপেনার।
একই মাঠে দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি মঙ্গলবার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৮ (মার্শ ১৩, হেড ২, ইংলিস ০, গ্রিন ৩৫, ডেভিড ৮৩, ওয়েন ২, ম্যাক্সওয়েল ১, ডোয়ার্শিস ১৭, এলিস ১২, জ্যাম্পা ১, হেইজেলউড ০*; এনগিডি ৩-০-৩৪-১, রাবাদা ৪-০-২৯-২, লিন্ডা ২-০-২৬-১, বশ ৩-০-৪৪-০, মাফাকা ৪-০-২০-৪, মুথুসামি ৪-০-২৪-১)
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬১/৯ (মার্করাম ১২, রিকেলটন ৭১, প্রিটোরিয়াস ১৪, ব্রেভিস ২, স্টাবস ৩৭, লিন্ডা ০, বশ ২, মুথুসামি ০ রাবাদা ১০, মাফাকা ৩*; হেইজেলউড ৪-০-২৭-৩, ম্যাক্সওয়েল ৪-০-২৯-১, ডোয়ার্শিস ৪-০-২৬-৩, জ্যাম্পা ৪-০-৩৩-২, এলিস ৪-০-৪৪-০)
ফল: অস্ট্রেলিয়া ১৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: টিম ডেভিড
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া