২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জন ও অনিশ্চয়তা নিয়ে দলবদল শেষ, লিগ শুরুর আগে সমাধানের চেষ্টা

দুই দিনের দলবদলে ১২ ক্লাবের ১০৬ ক্রিকেটার নিবন্ধন করেছেন, তবে ৮টি ক্লাব দলবদলে অংশ নেয়নি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 10:14 AM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের দুই দিনের দলবদল শেষ হয়েছে অনিশ্চয়তার ছোঁয়া নিয়ে। আগেই লিগ বর্জনের ঘোষণা দেওয়া বেশ কয়েকটি ক্লাব বৃহস্পতিবার শেষ দিনেও অবস্থান বদলায়নি। দুই দিনে ১২টি ক্লাব ১০৬ ক্রিকেটারকে নিবন্ধন করিয়েছে। আরও ৮৯ ক্রিকেটার টোকেন তুলে রেখে লিগ শুরুর আগে যে কোনো ক্লাবে যোগদানের সুযোগ খোলা রেখেছেন।

দলবদলের শেষ সময়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দীপন এবং ভাইস-চেয়ারম্যান ফায়াজুর রহমান শেষ মুহূর্তের নিবন্ধন পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। আলাপ জমেছিল মূলত বর্জনের ডাক দেওয়া ক্লাবগুলোর অবস্থান আর দলবদলের অদেখা চাপচক্রে।

গত মাসে বিসিবি নির্বাচনের পর এই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন জানায়, এখন থেকে কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবে না ক্লাবগুলি। দ্বিতীয় দফায় বোর্ডপ্রধানের দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ বলেও ঘোষণা দেয় তারা।

সিসিডিএম আশা করেছিল, ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে ক্লাবগুলি সেই কঠোর অবস্থান থেকে সরে আসবে। কিন্তু তারা শেষ পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় থাকল। 

সিসিডিএমের দেওয়া তথ্য বলছে, দুই দিনে ২০ দলের মধ্যে ১২টি ক্লাব ১০৬ ক্রিকেটারকে নিবন্ধন করিয়েছে। প্রথম দিনে তালিকায় ছিলেন ৪৭ জন, দ্বিতীয় দিনে যুক্ত হয়েছেন আরও ৮৯ জন। বারিধারা ড্যাজলার্স, বসুন্ধরা রাইডার্স, ঢাকা স্পার্টান্স, লালমাটিয়া এই ক্লাবগুলো দ্বিতীয় দিন তাদের ক্লাবে ক্রিকেটারদের নিবন্ধিত করিয়েছে। এছাড়া ৮৯ ক্রিকেটার টোকেন তুলে রেখেছেন ‘ফ্রি সাইনিং’ অবস্থায়। চাইলে যে কোনো ক্লাবে যেতে পারেন তারা, যদিও পুরোনো ক্লাবগুলো আগে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে।

সিসিডিএম জানিয়েছে, বর্জনের ডাক দেওয়া ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের একাংশের কয়েকটি ক্লাব থেকেও দলবদলে এসেছেন কেউ কেউ। প্রথম বিভাগে তামিম ইকবালের ক্লাব ওল্ড ডিওএইচএস দলবদল করেছে। প্রিমিয়ার লিগ থেকে সদ্য অবনমিত শাইনপুকুরও খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। এই ক্লাবের কোচ ও কর্মকর্তা সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তামিমের আরেক ক্লাব প্রিমিয়ার লিগের দল গুলশান ক্রিকেট ক্লাবও লিগ বর্জন করবে না বলে জানা গেছে। বিসিবি নির্বাচন নিয়ে ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের অবস্থানের সঙ্গে একমত হলেও লিগ বর্জনের সঙ্গে একমত নন তামিম ও খালেদ মাহমুদ। ক্রিকেটারদেরকে মাঠের বাইরে রাখতে চান না তারা। 

লিগ বর্জনের নেতৃত্ব দেওয়া সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্স এই আট ক্লাব দূরে থেকেছে দলবদল থেকে। এমনকি সিসিডিএম ঘোষিত ১৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান চেকও নেয়নি তারা।

এর মাঝেই আশার কথা শুনিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। তার দাবি, কিছু ক্লাব প্রকাশ্যে দলবদলে আসেনি চাপে পড়ে। কিন্তু আড়ালে তারা পুরোনো ক্রিকেটারদের ধরে রাখতে ব্যস্ত। যারা টোকেন তুলেছেন, তাদের বড় অংশই শেষ পর্যন্ত পুরোনো ক্লাবেই থেকে যেতে পারেন।

আগামী ১৮ নভেম্বর লিগ শুরুর প্রাথমিক সূচি ঠিক রয়েছে। এর আগে বিসিবি সভাপতির সঙ্গে বসে সমাধানের পথে হাঁটতে চান সিসিডিএম চেয়ারম্যান। 

‘‘বিসিবির নির্বাচনে বিভেদ থাকেই। এটা নতুন কিছু নয়। তবে নির্বাচনের ইস্যুতে এর আগে কখনো কিন্তু লিগ বর্জনের ডাক কেউ দেননি। নির্বাচনকালীন সময়ের বিভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লিগে অংশ নিয়েছেন। সে কারণেই অংশগ্রহনমূলক লিগ আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করতে চাই।”

“আইসিসির সভায় যোগ দিতে বিসিবি সভাপতি এখন দেশের বাইরে। উনি দেশে ফিরে আসার পর কোয়াব এবং সিসিডিএম নেতৃবৃন্দ বসে একটা গ্রহনযোগ্য সমাধানের পথ বের করব। যদি বিরোধীদের সবাইকে আনতে না পারি, তখন যারা স্বেচ্ছায় অংশ নিতে চায়, তাদেরকে নিয়ে লিগ আয়োজন করা হবে। বাকিদের ব্যাপারে সিদ্ধান্ত হবে বাইলজ অনুযায়ী।’’