২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার মাঠেও ‘অপারেশন সিঁদুর’ জয়ের তৃপ্তি মোদীর, কড়া জবাব নাকভির

খেলার মাঠে ‘অপারেশন সিঁদুর’ জয়ের জন্য ক্রিকেটারদের অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী, পাকিস্তানের কাছে ভারতের ‘লজ্জাজনক পরাজয়ের’ কথা বললেন মহসিন নাকভি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 12:27 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে রাজনীতির আঁচ তো বরাবরই থাকে। তবে এবারের এশিয়া কাপের মতো উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়নি কখনোই। এমনকি টুর্নামেন্ট শেষেও দেখা গেল দুই দেশের রাজনীতিবিদদের কথার লড়াই। খেলার মাঠেও যুদ্ধ জয়ের জন্য চ্যাম্পিয়ন ভারতীয় দলকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে পাকিস্তানের কাছে ভারতের ‘লজ্জাজনক পরাজয়ের’ কথা বললেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

দুবাইয়ে এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এই আসরে দুই দলের আগের দুই ম্যাচে ভারত জিতেছিল অনায়াসেই।

যদিও মাঠের ক্রিকেট ছাপিয়ে টুর্নামেন্টজুড়ে আলোচনায় ছিল হাত না মেলানো নিয়ে নানা বিতর্ক। ফাইনালে শেষে পুরস্কার বিতরণীয় আয়োজনকে ঘিরে তা পৌঁছে যায় বিস্ফোরণের পর্যায়ে। 

সেই স্রোতে শামিল হন দুই দেশের শীর্ষ রাজনীতিবিদরাও। ভারতের জয়ের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে মোদী লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল সেই একই- ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।”

ভারতের প্রধানমন্ত্রীর সেই লেখা শেয়ার করে তীব্র জবাব দেন মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান। 

“যুদ্ধই যদি আপনাদের গর্বের মাপকাঠি হয়, তাহলে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয় এর মধ্যেই ইতিহাসে খোদাই হয়ে গেছে। কোনো ক্রিকেট ম্যাচই সেই সত্যকে বদলে দিতে পারবে না। খেলাধুলার ভেতরে যুদ্ধকে টেনে আনা শুধু মরিয়া ভাবকেই প্রকাশ করে এবং খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে।”