Published : 28 Jan 2026, 09:34 PM
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) বর্তমানে বিলুপ্ত ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী তামিম রহমান ফিক্সিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। শ্রীলঙ্কার একটি আদালত বুধবার তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, যদিও তা পাঁচ বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি দুই কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে তাকে।
তামিম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ২০২৪ এলপিএলের আগে ওই বছরের মে মাসে যখন তিনি শ্রীলঙ্কা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হয়। পরে ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কার ২০১৯ সালের একটি ক্রীড়া সম্পর্কিত অপরাধ প্রতিরোধ আইনে ২০২৫ সালের অক্টোবরে তামিমকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। ২০২৪ সালের এলপিএলে অংশগ্রহণকারী একজন খেলোয়াড়কে ফিক্সিংয়ে জড়াতে চাপ দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
২০২৫ সালের ডিসেম্বরে তামিমের আইনি পরামর্শদাতা কলম্বো হাইকোর্টকে জানিয়েছিল, আদালতের কার্যক্রম দ্রুত চালানোর জন্য তামিম দোষ স্বীকার করে নিতে প্রস্তুত।
এই পরিকল্পনায় তাকে সহায়তা করার অভিযোগে পাকিস্তানি নাগরিক মুজিব উর রহমানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এলপিএলে ফিক্সিংয়ের অভিযোগ নতুন নয়। ২০২০ সালের আসরে ফিক্সিংয়ের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সাচিত্রা সেনানায়েকের বিরুদ্ধে দুর্নীতির মামলাও চলমান রয়েছে। সেনানায়েকে যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন।