২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘বিপজ্জনক’ ভারতীয় দলকে কুফা লাগাতে চান না ধোনি

‘ভালো একটি দলে যা যা দরকার, সবকিছুই আছে এই দলে’, বলছেন কিংবদন্তি এই কিপার-ব্যাটসম্যান।

‘বিপজ্জনক’ ভারতীয় দলকে কুফা লাগাতে চান না ধোনি
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ছবি: আইপিএল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 01:45 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ভালো একটি দলে যা যা প্রয়োজন, কোনো কিছুরই কমতি ভারতের টি-টোয়েন্টি দলে দেখেন না মাহেন্দ্র সিং ধোনি। স্কিল ও অভিজ্ঞতা মিলিয়ে দলটিকে দারুণ সমৃদ্ধ মনে করেন তিনি। একটু ভয়ের জায়গা অবশ্য আছে কিংবদন্তি এই কিপার-ব্যাটসম্যানের। তার মতে, ভারতীয় দলের সাফল্যের পথে বাগড়া হতে পারে রাতের শিশির কিংবা হুট করে আসা কোনো বাজে দিন। 

ধোনির নেতৃত্বেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই সাফল্যের পথ ধরেই আইপিএলের জন্ম, যা পরে বদলে দেয় ক্রিকেট দুনিয়ার মানচিত্র। 

ধোনির নেতৃত্বে পরে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথমবার ওঠে ভারত। দেশের মাঠে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয় করে। শিরোপা জিতে নেয় ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে সাফল্য মিলিয়ে খেলোয়াড়ি জীবনেই তিনি হয়ে ওঠেন কিংবদন্তি।

চ্যাম্পিয়ন দলের রসায়ন ধোনি ভালোভাবেই জানেন। ভারতের এই দলেও তিনি তা দেখতে পাচ্ছেন বলে জানালেন একটি অনুষ্ঠানে।

“ভালো একটি দলে যা যা দরকার, সবকিছুই আছে এই দলে। তাদের অভিজ্ঞতা আছে, বিশেষ করে এই সংস্করণের কথা বললে, তাদের অভিজ্ঞতা অনেক। চাপের মধ্যে অনেক খেলেছে তারা। দলে যারা খেলছে এবং যে ভূমিকা তারা পালন করছে দলে, উল্লেখযোগ্য সময় ধরেই সেই পরিস্থিতিতে আছে তারা।”

একটি শঙ্কার জায়গা অবশ্য দেখছেন ধোনি, যেটি আসলে ভারতীয় দলের নিয়ন্ত্রণের বাইরে। 

“আমাকে যা দুর্ভাবনায় ফেলছে, আমি শিশির স্রেফ ঘৃণা করি। শিশিরের কারণে অনেক কিছুই বদলে যায়। এমনকি আমি যখন খেলতাম, শিশির অনেক ভয় পেতাম, যেখানে টস অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠত ও নানা কিছু হতো।”

“সেরা দলগুলির বিপক্ষে যদি ১০টি ম্যাচ খেলি আমরা, বেশির ভাগ সময়ই আমরা জিতব, যদি কন্ডিশন ও এসব ব্যাপার সবার জন্য সমান থাকে।”

শিশিরের সমস্যা ছাড়া ধোনি বললেন ক্রিকেটীয় অনিশ্চয়তার কথাও। এসবের বাইরে ভারতকেই তিনি মনে করেন বিশ্বকাপ জয়ের পথে ফেভারিট। 

“সমস্যা হয় তখনই, যদি কোনো একটি দিন নিজেদের ক্রিকেটারদের বাজে দিন যায় এবং প্রতিপক্ষের কারও অসাধারণ দিন চলে আসে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটি হতে পারে। সেটা লিগ পর্যায়ে হতে পারে, নকআউট পর্বেও। তখনই সব ধরনের প্রার্থনা প্রয়োজন। কেউ যাতে চোট-টোটে না পড়ে।”

“যার যা ভূমিকা, দলের জন্য সেটা যেন পালন করতে পারে। সেটি যদি হয়, আমি কুফা লাগাতে চাই না… তবে এটি (ভারত) সবচেয়ে বিপজ্জনক দলগুলির একটি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত। এবারও তারা বিশ্বকাপ শুরু করছে পরিষ্কার ফেভারিট হিসেবে।