২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিশ্বকাপ দলে চার স্পিনারের কারণ খুঁজছেন মাদান লাল

বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার মনে করছেন, একজন স্পিনার কম নিয়ে আরেকজন ব্যাটসম্যান দলে যোগ করা উচিত ছিল ভারতের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 11:09 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে স্পিনারদের জন্য তেমন কোনো সহায়তা থাকবে বলে মনে করছেন না মাদান লাল। তাই ভারতের বৈশ্বিক আসরের দলে চার জন স্পিনার রাখার বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না তিনি। দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার বললেন, তিনি দল নির্বাচনের দায়িত্বে থাকলে একজন স্পিনার কম নিয়ে দলে আরেকজন ব্যাটসম্যান যোগ করতেন। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ জনের দল দিয়েছে ভারত। যেখানে দুই স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও আকসার প্যাটেলের সঙ্গে কুলদিপ ইয়াদাভ ও ইউজভেন্দ্রা চেহেলকে রেখেছে তারা। তাদের দলে বিশেষজ্ঞ পেসার কেবল তিন জন- জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদিপ সিং।

চলতি আইপিএলে চমৎকার ফর্মে থাকা চেহেলকে জাতীয় দলে ফিরিয়েছে ভারত। দলটির সবশেষ দুই টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না এই লেগ স্পিনার। ব্যাটসম্যানদের আধিপত্যের এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এখন পর্যন্ত ৯ ইনিংসে ওভারপ্রতি ৯ করে রান দিয়ে তার শিকার ১৩ উইকেট।

বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ আইপিএলে ৮ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন ওভারপ্রতি সাড়ে ৮ করে রান দিয়ে। বাঁহাতি স্পিনে ৫ শিকার ধরেছেন জাদেজা। তবে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তিনি, এখন পর্যন্ত রান করেছেন এক ফিফটিতে ১৫৯। বাঁহাতি স্পিনে এখন অবধি ৯ উইকেট নেওয়া আকসার রান করেছেন ১৪৯।

ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পর দেশটির সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে সাক্ষাৎকার দেন মাদান লাল। ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, এত স্পিনার দলে রাখার কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। 

“ক্যারিবিয়ান কন্ডিশনে আমার মনে হয় না খুব বেশি স্পিন ধরবে। এটা সত্যি যে, ওই ধরনের কন্ডিশনে বল নিচু হয়ে যায় আর তা স্পিনারদের সাহায্য করতে পারে। কিন্তু এটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট, তারা ভালো কন্ডিশনে (ব্যাটিং সহায়ক) খেলানোর কথা। তাই আমি বুঝতে পারছি না, চার জন স্পিনার দলে রাখা ভারতকে কীভাবে সাহায্য করবে। তারা সবাই খেলবেও না, কেবল দুই জনকেই হয়তো খেলানো হবে।”

জাদেজাকে ভারতের একাদশের ‘অটো চয়েজ’ বললে ভুল হবে না। তার সঙ্গে একাদশে চেহেল ও আকসারকে রাখতে বললেন ৭২ বছর বয়সী মাদান লাল।

“আমার মনে হয়, তাদের চেহেল ও আকসার প্যাটেলকে খেলানো উচিত, কারণ আকসার ভালো ব্যাটিং করতে পারে। আমি দলে চার জন নয়, তিন জন স্পিনার নিতাম, ওই জায়গায় আরেকজন ব্যাটসম্যান নিতাম।”

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে খেলবে ভারত। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ জুন আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ৯ জুন।